দক্ষিণ এশিয়া

পাকিস্তানের দুই প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭৪ জন নিহতের দাবি

নিরাপত্তা বাহিনী

ইসলামাবাদ,১৩ নভেম্বর-পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া (কেপি) ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিরাপত্তা বাহিনীর হাতে ৭৪ জন নিহত হয়েছেন। শুক্রবার দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআরের দেওয়া হতাহতের পরিসংখ্যান অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় খাইবার পাখতুনখাওয়ায় পরিচালিত অভিযানে উত্তর ওয়াজিরিস্তান জেলার মীর আলীতে ৩৫ জন এবং ওরাকজাই জেলায় আরও ৮ জন নিহত হয়েছেন। বিবৃতিতে আইএসপিআর বলেছে, “সন্ত্রাসী হুমকি নির্মূল এবং খাওয়ারিজ নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দৃঢ় প্রচেষ্টার অংশ হিসেবে খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনী ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করছে। মীর আলী ও ওরাকজাই এলাকায় এসব অভিযান আরও বিস্তৃত করা হয়েছে।”

সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আরও জানিয়েছে, অভিযান চলাকালে উভয় পক্ষের মধ্যে তীব্র ও ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এসব অভিযান ওই অঞ্চলগুলোতে সন্ত্রাসীদের পরিচালিত নেটওয়ার্কের ওপর বড় ধরনের আঘাত হেনেছে। উল্লেখ্য, নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সন্ত্রাসীদের বোঝাতে রাষ্ট্রীয়ভাবে ‘ফিতনা-আল-খাওয়ারিজ’ পরিভাষাটি ব্যবহার করা হয়।

অভিযান-পরবর্তী তল্লাশি বা স্যানিটাইজেশন কার্যক্রমের সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। উদ্ধার করা সরঞ্জামের মধ্যে ঘরে তৈরি বিস্ফোরক এবং ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসও (আইইডি) রয়েছে। এসব সরঞ্জাম উদ্ধারের ফলে সন্ত্রাসী কর্মকাণ্ডে সেগুলো ব্যবহারের বিষয়ে সন্ত্রাসীদের যে ‘অসৎ উদ্দেশ্য’ ছিল, তা নস্যাৎ করা সম্ভব হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। আইএসপিআর আরও জানিয়েছে, এলাকায় ‘লুকিয়ে থাকা খাওয়ারিজদের নির্মূল’ করতে এখনো তল্লাশি অভিযান চলছে।

এদিকে বেলুচিস্তানে পরিচালিত গোয়েন্দাভিত্তিক অভিযান সম্পর্কে সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে, গত ৩ নভেম্বর থেকে কোয়েটা জেলার কুররাম এলাকায় ভারত-সমর্থিত ফিতনা আল খাওয়ারিজ এবং ফিতনা আল হিন্দুস্তানের বিরুদ্ধে ব্যাপক গোয়েন্দাভিত্তিক এলাকা স্যানিটাইজেশন অভিযান চালানো হচ্ছে। এতে নিরাপত্তা বাহিনীর হাতে ৩১ জন নিহত হয়েছেন। পাকিস্তানে সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতা সৃষ্টিতে ভারতের কথিত ভূমিকা তুলে ধরতে বেলুচিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে রাষ্ট্রীয়ভাবে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

এস এম/ ১৩ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language