বিশেষ স্বীকৃতি পেল বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন সংস্থা ইনভেস্ট বাংলাদেশ

ঢাকা,১১ নভেম্বর-সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে ‘আউটস্ট্যান্ডিং এলডিসি ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি’ হিসেবে বিশেষ স্বীকৃতি পেয়েছে ইনভেস্ট বাংলাদেশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) জেনেভার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) ইনভেস্ট বাংলাদেশের পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ।
বিশ্বের বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিজের (ওয়াইপা) উদ্যোগে ১০ থেকে ১২ নভেম্বর জেনেভায় ৩০তম বিশ্ব বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনের অংশ হিসেবে বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোকে এ পুরস্কার দেওয়া হয়। স্বল্পোন্নত দেশগুলোর যেসব বিনিয়োগ উন্নয়ন সংস্থা তাদের কার্যক্রমের বিবরণ জমা দেয় এবং সেগুলো আন্তর্জাতিক মানদণ্ডে উচ্চমানের অর্জন হিসেবে বিবেচিত হয়, সেসব সংস্থার মধ্য থেকে স্বাধীন আন্তর্জাতিক বিচারকমণ্ডলী বিশেষ স্বীকৃতির জন্য সংস্থা নির্বাচন করে।
এই স্বীকৃতির মাধ্যমে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, বিনিয়োগ সহায়তা কার্যক্রম জোরদার এবং বিনিয়োগকারীদের জন্য আরও সহজ ও কার্যকর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার চলমান প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরা হয়েছে। বিনিয়োগসংক্রান্ত প্রক্রিয়া সহজ করা, সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং সম্ভাব্য বিনিয়োগকে বাস্তব প্রকল্পে রূপ দিতে ইনভেস্ট বাংলাদেশ ও সরকারের অংশীদার সংস্থাগুলো যেসব সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে, এই স্বীকৃতি তারই প্রতিফলন।
২০২৫ সালে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বিভিন্ন সংস্কার উদ্যোগ নেওয়ার আগে দেশি-বিদেশি প্রায় ২০০ বিনিয়োগকারীর সঙ্গে আলোচনা করা হয়। এসব সংস্কারের মধ্যে ছিল আংশিক রপ্তানিকারকদের জন্য বন্ডেড ওয়্যারহাউস সুবিধা সম্প্রসারণ এবং বিদেশ থেকে ঋণ নেওয়া ও বিনিয়োগের মূলধন দেশে ফেরত আনার প্রক্রিয়া সহজ করার উদ্যোগ। অ্যাম্বাসেডর কর্মসূচির মাধ্যমে বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে ইয়ংওয়ানসহ বড় বিনিয়োগকারীদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাজ করা হয়। এ ছাড়া প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকর্ষণের কার্যক্রমে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিতে এফডিআই হিটম্যাপের মাধ্যমে ১৯টি অগ্রাধিকার খাত চিহ্নিত করা হয়।
এসব উদ্যোগের ধারাবাহিকতায় ২০২৬ সালের মার্চে ইনভেস্ট বাংলাদেশ ১৮০ দিনের বিনিয়োগ কর্মপরিকল্পনা ঘোষণা করে। এতে অবকাঠামোর উন্নয়ন, বিনিয়োগকারীদের জন্য সরকারি সেবা আরও সহজলভ্য করা এবং সম্ভাব্য বিনিয়োগ প্রকল্পগুলো বাস্তবায়নের দিকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। সেপ্টেম্বরে এই কর্মপরিকল্পনার অগ্রগতি প্রতিবেদন প্রকাশ করে ইনভেস্ট বাংলাদেশ। একই সময়ে কয়েকটি সংস্থাকে একীভূত করে ইনভেস্ট বাংলাদেশ গঠন করা হয়। এর ফলে বিনিয়োগ সহায়তা, অর্থনৈতিক অঞ্চল এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) কার্যক্রম একটি কর্তৃপক্ষের অধীনে আসে।
ওয়াইপার বিচারকমণ্ডলী বিশেষভাবে যেসব উদ্যোগের কথা উল্লেখ করেছে, তার মধ্যে রয়েছে বাংলাদেশের সমন্বিত ডিজিটাল বিনিয়োগ সেবার প্ল্যাটফর্ম বাংলাবিজ। এর মাধ্যমে বিনিয়োগকারীরা ৪৭টি সরকারি সংস্থার ১৪২টির বেশি সেবা গ্রহণের সুযোগ পেয়েছেন। এ ছাড়া এপিএম টার্মিনালসের ৫৫ কোটি মার্কিন ডলারের লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নিতে ইনভেস্ট বাংলাদেশের ভূমিকার কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘বিনিয়োগ পরিবেশ উন্নয়নে আমাদের সংস্কার উদ্যোগগুলোতে সমর্থন দেওয়ার জন্য সরকার ও আমাদের অংশীজনদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিনিয়োগকারীদের আরও সহজে, দ্রুত ও কার্যকরভাবে সেবা দিতে ইনভেস্ট বাংলাদেশের যারা প্রতিদিন কাজ করছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এই স্বীকৃতি সবার সম্মিলিত প্রচেষ্টার অর্জন।’
২০২৫ সালে বাংলাদেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রায় ৩৯ শতাংশ বেড়েছে। বর্তমানে বিভিন্ন খাত ও দেশ থেকে আসা সম্ভাব্য প্রায় ১৩০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাবের অগ্রগতি পর্যবেক্ষণ করছে ইনভেস্ট বাংলাদেশ। এসব সম্ভাব্য বিনিয়োগকে বাস্তব প্রকল্পে রূপ দেওয়া সংস্থাটির অন্যতম অগ্রাধিকার। বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ।
এস এম/ ১১ নভেম্বর ২০২৬







