সম্পাদকের পাতা

কানাডায় স্থায়ী হওয়ার অপেক্ষায় থাকা মানুষের জন্য আশার খবর

নজরুল মিন্টো

২০২৭ সালে কানাডায় অবস্থানরত অতিরিক্ত দুই লাখ মানুষকে স্থায়ী বাসিন্দা করার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। পাশাপাশি আশ্রয়ের আবেদন নিষ্পত্তির জট কমাতেও অর্থ রাখা হয়েছে নতুন বাজেটে। কানাডায় কেউ পড়াশোনা শেষ করে চাকরি করছেন, কেউ আশ্রয়ের আবেদনের শুনানির অপেক্ষায়, কেউ আবার পরিবারের সঙ্গে স্থায়ীভাবে থাকার অনুমোদন চাইছেন। দীর্ঘ অপেক্ষায় তাঁদের অনেকেই হতাশ। মনে ঘুরছে একই প্রশ্ন, কবে কাটবে এই জট, কবে মিলবে সিদ্ধান্ত? অটোয়ার নতুন উদ্যোগ তাঁদের সেই অপেক্ষা কমানোর আশা জাগিয়েছে।

বৃহস্পতিবার ৫ নভেম্বর ঘোষিত পরিকল্পনায় অতিরিক্ত সুযোগ দুটি ভাগে রাখা হয়েছে। এক লাখ কর্মী ও তাঁদের পরিবারের জন্য, অন্য এক লাখ নির্দিষ্ট মানবিক ও পারিবারিক আবেদনকারীদের জন্য। এর বাইরে ২০২৭, ২০২৮ ও ২০২৯ সালে প্রতিবছর নিয়মিত তিন লাখ ৮০ হাজার মানুষকে স্থায়ী বাসিন্দা করার লক্ষ্যও বহাল থাকছে।

মানবিক ও সহানুভূতিশীল বিবেচনায় আবেদন করা মানুষের জন্য ঘোষণার একটি গুরুত্বপূর্ণ দিক হলো, যাঁদের আবেদন ইতিমধ্যে নীতিগত অনুমোদন পেয়েছে, তাঁদের পিআরের চূড়ান্ত নিষ্পত্তি এগিয়ে নেওয়া হবে।

পারিবারিক স্পনসরশিপে অপেক্ষমাণদের জন্যও রয়েছে স্বস্তির খবর। কানাডীয় নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের স্বামী বা স্ত্রী, কমন-ল পার্টনার এবং নির্ভরশীল সন্তান, যাঁরা কানাডায় থেকে পিআরের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন, তাঁদের আবেদন প্রক্রিয়াকরণে এই বরাদ্দ ব্যবহার করা হবে। কুইবেকের বাইরে বসবাসের উদ্দেশ্যে আবেদন করা স্বামী-স্ত্রী ও কমন-ল পার্টনারদের ক্ষেত্রে অপেক্ষার সময় ১২ মাসের কাছাকাছি নামিয়ে আনতে উদ্যোগটি উল্লেখযোগ্য সহায়তা করবে বলে জানিয়েছে সরকার।

আশ্রয়ের আবেদন অনুমোদিত হয়ে যাঁরা সুরক্ষাপ্রাপ্ত ব্যক্তির স্বীকৃতি পেয়েছেন, তাঁদের স্থায়ী হওয়ার প্রক্রিয়া এগিয়ে নিতেও কাজ চলছে। আগে ঘোষিত উদ্যোগের আওতায় ২০২৬ ও ২০২৭ সালে সর্বোচ্চ এক লাখ ১৫ হাজার যোগ্য সুরক্ষাপ্রাপ্ত ব্যক্তি এবং কানাডায় থাকা তাঁদের নির্ভরশীলদের পিআর আবেদন প্রক্রিয়াকরণের ব্যবস্থা রাখা হয়েছে।

আশ্রয়ের আবেদনে যাঁদের এখনো শুনানি হয়নি অথবা শুনানির পর সিদ্ধান্তের অপেক্ষা চলছে, তাঁদের জন্য প্রাসঙ্গিক হচ্ছে আবেদনজট কমানোর বরাদ্দ। আগামী পাঁচ বছরে এ কাজে প্রায় ৯ কোটি ৮০ লাখ কানাডীয় ডলার রাখার প্রস্তাব এসেছে বাজেটে। ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ড, অভিবাসন বিভাগ ও সীমান্ত সংস্থার মাধ্যমে অপেক্ষমাণ আশ্রয়ের আবেদন কমানো এবং সংশ্লিষ্ট কার্যক্রম সচল রাখতে অর্থটি ব্যবহার করার কথা।

এর সঙ্গে যুক্ত হয়েছে ৩ নভেম্বর কার্যকর হওয়া আশ্রয়প্রক্রিয়ার পরিবর্তন। একই তথ্য বারবার চাওয়া কমানো, আবেদনপত্র সহজ করা এবং শুনানির আগে প্রয়োজনীয় যাচাই সম্পন্ন করার মাধ্যমে সিদ্ধান্তের প্রক্রিয়া এগিয়ে নিতে চায় সরকার।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে যাঁরা পড়াশোনা শেষ করে কানাডায় কাজ করছেন, তাঁদের জন্য কর্মী বিভাগের অতিরিক্ত বরাদ্দ বিশেষভাবে প্রাসঙ্গিক হতে পারে। কুইবেকের বাইরে থাকা এসব কর্মী প্রাদেশিক মনোনয়ন কর্মসূচি বা PNP-এর শর্ত পূরণ করলে এই সুযোগের বিবেচনায় আসতে পারেন। অঞ্চলভিত্তিক কর্মীর চাহিদা মেটাতে প্রদেশ ও টেরিটরিগুলোর সঙ্গে মিলে বাড়তি মনোনয়নের জায়গা বরাদ্দ করবে অটোয়া।

শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদি প্রস্তুতিতেও কানাডায় অর্জিত শিক্ষা ও কাজের অভিজ্ঞতার গুরুত্ব রয়েছে। বিদ্যমান Canadian Experience Class-এর আওতায় গত তিন বছরে অন্তত এক বছরের যোগ্য কানাডীয় কাজের অভিজ্ঞতা এবং ভাষাসহ অন্যান্য শর্ত পূরণ করলে পিআরের প্রার্থী হওয়ার সুযোগ থাকে। কানাডার শিক্ষাগত সনদ Express Entry-তে বাড়তি নম্বর পেতেও সাহায্য করতে পারে।

পুরোনো আবেদনকারীদের একটি অংশের জন্যও নতুন বরাদ্দ কাজে আসবে। Start-up Visa, Self-Employed Persons, Agri-Food Pilot ও হোম কেয়ার কর্মসূচিতে আগে জমা দেওয়া আবেদন এবং Atlantic Immigration Program-এর আবেদন থেকে প্রয়োজনীয় কর্মীদের চিহ্নিত করতে পারবে প্রদেশগুলো। হংকংয়ের নির্দিষ্ট পিআর কর্মসূচি ও ইউক্রেনের পারিবারিক পুনর্মিলন কর্মসূচির অবশিষ্ট আবেদনগুলোও নিষ্পত্তির লক্ষ্য নিয়েছে সরকার।

কানাডায় কাজ করা মানুষের অধিকার রক্ষার সহায়তাও বাড়ছে। অভিবাসী কর্মীদের সহায়তা কর্মসূচিতে চার বছরে ৮ কোটি ২০ লাখ কানাডীয় ডলার ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে অস্থায়ী বিদেশি কর্মীদের নিজেদের অধিকার জানা এবং সেই অধিকার প্রয়োগে সহায়তা দেওয়া হবে।

অপেক্ষমাণ আবেদনকারীদের জন্য আরেকটি সুবিধা হলো, এই বিশেষ ব্যবস্থায় বিবেচিত হতে আলাদা আবেদন বা বাড়তি পদক্ষেপ নিতে হবে না বলে জানিয়েছে কানাডার অভিবাসন বিভাগ। বিদ্যমান আবেদনগুলো এগিয়ে নিয়েই বহু মানুষের কানাডায় স্থায়ী হওয়ার স্বপ্ন পূরণ করতে চায় সরকার।

তথ্যসূত্র: The Globe and Mail; Immigration, Refugees and Citizenship Canada (IRCC); Budget 2026, Government of Canada

Back to top button
🌐 Read in Your Language