লালমনিরহাট

বুড়িমারী সীমান্তে লাইট বন্ধ করে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় ব্যর্থ

সীমান্তে লাইট বন্ধ করে বিএসএফের পুশইনের চেষ্টা

লালমনিরহাট,০৪ নভেম্বর-লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী সীমান্তে লাইট বন্ধ করে রাতের অন্ধকারে লোকজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর কঠোর অবস্থানের কারণে তাদের এই চেষ্টা ব্যর্থ হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ব্যাঙের বাড়ি এলাকার ৮৩২ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ২ এস সাব-পিলারের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে হঠাৎ সীমান্তের ওপারে বিএসএফ সদস্যরা সার্চলাইট বন্ধ করে অন্ধকারের মধ্যে লোকজনকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা চালায়।

বিষয়টি বুঝতে পেরে স্থানীয় বাসিন্দারা দ্রুত সতর্ক হয়ে ওঠেন। তাঁরা অন্যদের খবর দিয়ে দলবেঁধে সীমান্তে জড়ো হন। এ সময় সীমান্তের কাছাকাছি বিএসএফ সদস্যদের টর্চলাইট জ্বালানোর চেষ্টা করতে এবং কয়েকজনকে ছোটাছুটি করতে দেখা যায়।

পরে বাংলাদেশিদের সম্মিলিত চিৎকারের মুখে কিছুক্ষণ পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা আবারও তাদের লাইট জ্বালাতে বাধ্য হন।

সীমান্ত এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী সময় থেকে ভারতে বসবাসরত বাংলাভাষী মুসলিমদের ‘অবৈধ’ আখ্যা দিয়ে ধারাবাহিকভাবে বাংলাদেশে পুশইন বা অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা চলছে।

এ কারণে সীমান্তবর্তী এলাকার মানুষকে প্রতিনিয়ত উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাতে হচ্ছে। তবে বিএসএফের এ ধরনের তৎপরতা ঠেকাতে বিজিবির পাশাপাশি সীমান্ত এলাকার সাধারণ মানুষও সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে জানান তাঁরা।

এদিকে বিজিবি সূত্র জানিয়েছে, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন সীমান্তের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় দিন-রাত টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। যাতে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা যায়। একই সঙ্গে চেকপোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশির পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

এ বিষয়ে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির সহকারী পরিচালক লে. কর্নেল কারিমুল ইসলাম জানান, সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। বিএসএফের যেকোনো ধরনের পুশইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। এ ধরনের কোনো চেষ্টা সফল হতে দেওয়া হবে না।

তিনি আরও জানান, সীমান্তের অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় বিজিবি প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

এস এম/ ০৪ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language