হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমায় ইরানের হামলায় ২০ জনের বেশি নাবিক নিহতের অভিযোগ যুক্তরাষ্ট্রের

ওয়াশিংটন, ০২ নভেম্বর-হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমায় সাম্প্রতিক কয়েক মাসে ইরানের হামলায় ২০ জনের বেশি নাবিক নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ অভিযোগ জানিয়েছে।
পোস্টে সেন্টকম দাবি করেছে, প্রতিবেশী দেশগুলোর বেসামরিক মানুষের ওপর হামলা চালায়নি বলে ইরান যে বক্তব্য দিয়েছে, তা সঠিক নয়। বরং ইরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে বেসামরিক অবকাঠামো, আবাসিক এলাকা ও অন্যান্য স্থাপনায় পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।
এ ছাড়া সমুদ্রপথে চলাচলকারী বেসামরিক নাবিকদেরও ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ করেছে মার্কিন সামরিক বাহিনী। সেন্টকম জানিয়েছে, সাম্প্রতিক কয়েক মাসে এসব হামলায় ২০ জনের বেশি নাবিক প্রাণ হারিয়েছেন।
তবে এসব হামলার বিস্তারিত তথ্য, নিহত ব্যক্তিদের পরিচয় কিংবা নির্দিষ্ট ঘটনাগুলোর বিবরণ যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ওই পোস্টে উল্লেখ করা হয়নি।
এস এম/ ০২ নভেম্বর ২০২৬







