সোমবার মিরপুর, আশুলিয়া ও গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ-শ্রমিক সংঘর্ষ

গাজীপুর,০২ নভেম্বর-রাজধানীর মিরপুর, সাভারের আশুলিয়া ও গাজীপুরে সোমবার সকাল থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এর মধ্যে আশুলিয়া ও মিরপুরে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার পর থেকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পোশাক শ্রমিকরা প্রথমে অনন্তের সামনে জড়ো হন। পরে হামীমের সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় কারখানা থেকে বের হয়ে বিভিন্ন দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের উত্তেজনা তৈরি হয়।
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল এবং শ্রমিক ও পুলিশ উভয় পক্ষই মুখোমুখি অবস্থানে ছিল। তবে এই সংঘর্ষে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড ইন্টেল) শোয়েব আহম্মেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে। এ ছাড়া অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, সোমবার সকাল সোয়া ৯টার দিকে মিরপুর-১০ এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এ সময় শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপের জবাবে পুলিশ টিয়ারশেল ছোড়ে। একপর্যায়ে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শ্রমিকরা রাস্তা অবরোধ করতে এসেছিল, আমরা তাদের সরিয়ে দিয়েছি।’
এ ছাড়া সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। তাদের আন্দোলনের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, পল্লীবিদ্যুৎ, সফিপুর, হরিণহাটিসহ আশপাশের শিল্পকারখানাগুলো আবারও বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকদের আন্দোলনের ফলে মহাসড়কের ১০ কিলোমিটার এলাকায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিজিবি, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন।
এস এম/ ০২ নভেম্বর ২০২৬







