রাশিয়ার কাছ থেকে ১২টি সু-৩৫ যুদ্ধবিমান পেল ইথিওপিয়া, কিনছে ৪টি এস-৪০০

আদ্দিস আবাবা,২৯ অক্টোবর-আফ্রিকার দেশ ইথিওপিয়া রাশিয়ার কাছ থেকে সর্বাধুনিক ১২টি সুখোই এসইউ-৩৫ যুদ্ধবিমান পেয়েছে। একই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ রাশিয়ার তৈরি অত্যাধুনিক চারটি এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কেনার পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন।
বুধবার (২৮ অক্টোবর) মস্কোয় চলমান রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
ইথিওপিয়ার প্রধানমন্ত্রী জানান, চুক্তিতে নির্ধারিত সময়ের এক বছর আগেই রাশিয়া যুদ্ধবিমানগুলো সরবরাহ করেছে। নির্ধারিত সময়ের আগেই দ্রুত সামরিক সরঞ্জাম হস্তান্তর নিশ্চিত করায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানান তিনি। আবি আহমেদ বলেন, নতুন এই যুদ্ধবিমানগুলো ইথিওপিয়ার আকাশ প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে। পাশাপাশি দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে সম্ভাব্য যেকোনো আগ্রাসন প্রতিহত করতেও ভূমিকা রাখবে। অন্য একটি বার্তায় তিনি নিশ্চিত করেন, হস্তান্তর করা যুদ্ধবিমানগুলো ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে এবং দেশের আকাশসীমা সুরক্ষায় দায়িত্ব পালন শুরু করেছে।
তবে শত্রুপক্ষের যুদ্ধবিমান ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম আলোচিত এস-৪০০ ট্রায়াম্ফ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কবে নাগাদ ইথিওপিয়ার হাতে পৌঁছাবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি তিনি।
এস এম/ ২৯ অক্টোবর ২০২৬







