কক্সবাজার

কক্সবাজারের রিসোর্টে আগুনে একই পরিবারের ৬ জনসহ নিহত ৬, আহত ৬

একই পরিবারের ৬ জনসহ নিহত ৬

কক্সবাজার,১৭ অক্টোবর-কক্সবাজারের ইনানীতে ‘টুপটুপ’ নামের একটি রিসোর্টে আগুন লাগার ঘটনায় নিহতদের মধ্যে একই পরিবারের ছয়জন রয়েছেন। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ছাড়া বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

শনিবার সকাল ৮টার দিকে মেরিনড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ড ঘটে।

নিহতদের মধ্যে ঢাকার বনশ্রীর বাসিন্দা আশিকুলের পরিবারের ছয়জন রয়েছেন। তারা হলেন মেলিতা মেহেজাবিন আলভি, নাবিলা, মালিহা, মিলা, জেরিফ, সাবরিন ও ফাইজান। তবে একজনের নাম-পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। তারা হলেন মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০), সামিদা (৩২), নাফিজা নওয়ার খান (২৯) ও সাহাবুদ্দিন (৩১)।

বেলা ১১টার দিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, ওই রিসোর্টে ২৭ জনের প্রবেশের তথ্য ছিল। তাদের মধ্যে ৯ জন রিসোর্টের বাইরে ছিলেন। উদ্ধার তৎপরতা শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত জানানো সম্ভব নয়।

দুপুরে মোরশেদ নামে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘আমরা ছয়টি মরদেহ উদ্ধার করেছি। এ ছাড়া আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। তাদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, হতাহত সবাই পর্যটক ছিলেন। ধারণা করা হচ্ছে, রিসোর্টের রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার কারণ অনুসন্ধানে এরই মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে।

এস এম/ ১৭ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language