এশিয়া

মেকআপ ও ঘরের কাজের কারণে পুরুষ প্রধানমন্ত্রীর চেয়ে ৩–৪ ঘণ্টা বেশি সময় লাগে: জাপানের প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী

টোকিও,১৭ অক্টোবর-মেকআপ করা এবং ঘরের কাজের কারণে পুরুষ রাজনীতিকদের তুলনায় বেশি সময় কাজ করতে হয় বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী তাকাইচি বলেছেন, পুরুষ প্রধানমন্ত্রীর তুলনায় তাকে ‘তিন থেকে চার ঘণ্টা বেশি’ কাজ করতে হয়।

তার এই মন্তব্যের পর জাপানে প্রচলিত লিঙ্গভিত্তিক ভূমিকা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

বুধবার পার্লামেন্টের এক অধিবেশনে তিনি বলেন, ‘সকালে আমি গোসল করি, নাশতা তৈরি করি ও বাসন ধুই, এরপর মেকআপ করি।’

তিনি আরও বলেন, ‘এসব কাজ করতে গিয়ে আমার মনে হয়, পুরুষ প্রধানমন্ত্রীরা এসব কাজে যতটা সময় ব্যয় করেন, তার চেয়ে আমার তিন থেকে চার ঘণ্টা বেশি সময় লাগে।’

অতিরিক্ত কাজ করতে অভ্যস্ত হিসেবে পরিচিত তাকাইচি বলেন, ক্যামেরার সামনে যাওয়ার আগে মেকআপ করে নিজেকে আরও পরিপাটি করে তুলতে তার বাড়তি সময় লাগে। এই বিষয়টি বুঝতে তার সহযোগীদের কিছুটা সময় লেগেছিল।

জাপানে এখনও লিঙ্গভিত্তিক ভূমিকার বিভাজন বেশ কঠোর। দেশটিতে পুরুষদের দীর্ঘ সময় কাজ করাকে স্বাভাবিক বিষয় হিসেবে দেখা হয়। অন্যদিকে, কর্মজীবী নারীদের চাকরির পাশাপাশি ঘরের কাজ ও সন্তান লালন-পালনের দায়িত্বও সামলাতে হয়।

দেশটির সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, নারীরা প্রতিদিন ঘরের কাজে প্রায় পাঁচ ঘণ্টা ব্যয় করেন। অন্যদিকে, একজন পুরুষ গড়ে এসব কাজে প্রায় ৪০ মিনিট সময় দেন।

এস এম/ ১৭ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language