এশিয়া

হরমুজ প্রণালী নিরাপদ ও উন্মুক্ত রাখার আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

কুয়ালালামপুর, ১২ সেপ্টেম্বর- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত ও উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি উন্মুক্ত ও নিরাপদ রাখার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে সংঘাতের পরিবর্তে বিরোধ মেটাতে কূটনীতি ও আলোচনার পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন আনোয়ার। সম্মেলনের ফাঁকে শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। প্রায় ৩০ মিনিটের ওই বৈঠকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

বৈঠকে আনোয়ার আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালি দিয়ে নৌ-চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব আবারও তুলে ধরেন।

তিনি বলেন, মালয়েশিয়া সব পক্ষকে বিরোধ মেটানো এবং পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে আলোচনা ও কূটনীতির পথে ফিরে আসার আহ্বান জানিয়ে আসছে।

আনোয়ার একই সঙ্গে পুত্রাজায়া ও তেহরানের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের কথা তুলে ধরে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন।

বিশেষ করে জ্বালানি, কৃষি, পাম অয়েল, খাদ্য নিরাপত্তা, হালাল পণ্য, প্রযুক্তি ও উচ্চশিক্ষাসহ বিভিন্ন খাতে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।

এস এম/ ১২ সেপ্টেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language