এশিয়া

জাপানিদের জন্য চীনের ভিসা ফি প্রায় সাত গুণ বাড়ছে

ভিসা ফি

টোকিও, ১২ সেপ্টেম্বর- জাপানি নাগরিকদের জন্য ভিসা ফি বর্তমানের তুলনায় প্রায় সাত গুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চীন। আগামী সোমবার বা এরপর জমা দেওয়া আবেদনগুলোর ক্ষেত্রে নতুন এই ফি কার্যকর হবে। স্থানীয় সময় শুক্রবার (১১ সেপ্টেম্বর) টোকিওতে অবস্থিত চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে।

এর আগে গত জুলাইয়ে বিদেশি নাগরিকদের জন্য ভিসা ফি বাড়ানোর পর এবার জাপানি নাগরিকদের ক্ষেত্রেও এই সিদ্ধান্ত নিল চীন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সিঙ্গেল-এন্ট্রি বা একবার প্রবেশের ভিসার ফি ২ হাজার ২৫০ ইয়েন থেকে বেড়ে ১৬ হাজার ৭৫০ ইয়েন হবে। আর ডাবল-এন্ট্রি বা দুবার প্রবেশের ভিসার ফি ৩ হাজার ৭৫০ ইয়েন থেকে বাড়িয়ে ২৫ হাজার ১০০ ইয়েন করা হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক সংবাদ সম্মেলনে বলেন, পারস্পরিক সুবিধার নীতির বা রেসিপ্রোসিটির ভিত্তিতেই এই পরিবর্তন আনা হয়েছে।

২০২৪ সালের নভেম্বরে চীন জাপানি নাগরিকদের জন্য স্বল্পমেয়াদি ভিসামুক্ত সুবিধা আবার চালু করেছিল। এই সুবিধার আওতায় জাপানি পর্যটকরা ভিসা ছাড়াই চীনে সর্বোচ্চ ৩০ দিন অবস্থান করতে পারেন।

এস এম/ ১২ সেপ্টেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language