হরমুজ প্রণালির কাছে মার্কিন চালকবিহীন ডুবোযান আটকের দাবি ইরানের

তেহরান,১০ সেপ্টেম্বর- হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে একটি মার্কিন চালকবিহীন সাবমেরিন আটক করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এর মাধ্যমে চলমান যুদ্ধে পানির নিচে চালকবিহীন ডুবোযান ব্যবহারের একটি বিরল ঘটনা সামনে এসেছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, জব্দ করা ডুবোযানটি ডাইভ-এলডি মডেলের বড় আকারের স্বয়ংক্রিয় যান। ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যান্ডুরিল এটি তৈরি করেছে। প্রায় ১৯ ফুট দীর্ঘ এই ডুবোযানটি মাইন শনাক্ত ও নিষ্ক্রিয় করা, সমুদ্রতলের মানচিত্র তৈরি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং পানির নিচের ক্যাবল ও পাইপলাইন পরিদর্শনে সক্ষম।
আইআরজিসির নৌবাহিনী বলেছে, ‘সর্বাধুনিক প্রযুক্তিতে’ সজ্জিত মার্কিন ডুবোযানটি হরমুজের প্রবেশমুখ থেকে আটক করা হয়েছে।
তবে পেন্টাগনের দাবি, ড্রোনটি এক দিনেরও বেশি আগে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে যায়। এটি আঞ্চলিক জলসীমা জরিপের কাজে ব্যবহার করা হচ্ছিল। পেন্টাগন বলেছে, ড্রোনটি পুরোনো মডেলের এবং এতে কোনো সংবেদনশীল তথ্য বা গোপন সোনার-রাডার সরঞ্জাম ছিল না।
অ্যান্ডুরিলও একটি ডুবোযান হারানোর কথা নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ডাইভ-এলডি এমন ঝুঁকিপূর্ণ পরিবেশে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে, যেখানে যানটি হারানোর সম্ভাবনাও আগে থেকেই বিবেচনায় রাখা হয়।
অ্যান্ডুরিলের তথ্য অনুযায়ী, ডুবোযানটি ঘাঁটিতে না ফিরে ১০ দিন পর্যন্ত চলতে পারে এবং প্রায় ৬ হাজার মিটার গভীরে যেতে পারে। প্রতিটি ইউনিটের দাম প্রায় ২৫ লাখ ডলার।
এস এম/ ১০ সেপ্টেম্বর ২০২৬







