মধ্যপ্রাচ্য

ইসরায়েলি নৌবাহিনী প্রধানের তুরস্ককে পরোক্ষ সামরিক হুঁশিয়ারি

তুরস্ককে পরোক্ষ সামরিক হুঁশিয়ারি

তেল আবিব,৯ সেপ্টেম্বর- ইসরায়েলের স্বাধীনতা ও সামুদ্রিক স্বার্থ অক্ষুণ্ণ রাখতে তুরস্ককে পরোক্ষ সামরিক হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল ইয়াল হারেল। সম্প্রতি ইসরায়েলি নৌবাহিনীর অফিসার গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় নাম উল্লেখ না করে রিসেপ তাইয়েপ এরদোয়ান সরকারের উদ্দেশে তিনি এ বার্তা দেন।

অনুষ্ঠানে ইয়াল হারেল বলেন, নতুন সামুদ্রিক অঙ্গনে এখন আর কোনো দূরবর্তী সীমান্ত বলে কিছু নেই। যারা সামুদ্রিক ও দূরবর্তী এলাকা থেকে ইসরায়েল রাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাতে চায়, তাদের উদ্দেশে তিনি বলেন, যারা ইসরায়েলের ক্ষতি করতে চায়, দূরত্ব তাদের কাউকেই কোনো সুরক্ষা বা নিরাপত্তা দেবে না। হাজার হাজার মাইল দূর থেকে যারা ইসরায়েল ও আইডিএফকে চ্যালেঞ্জ করার চেষ্টা করবে, তাদের প্রতিহত করতেই ইসরায়েলি নৌবাহিনী গড়ে তোলা হয়েছে।

ভূমধ্যসাগর ও লোহিত সাগরের শক্তিসাম্য পরিবর্তনের চেষ্টাকারীদের উদ্দেশে তিনি আরও বলেন, ইসরায়েল তাদের প্রতিটি পদক্ষেপ দেখছে, পর্যবেক্ষণ করছে এবং সে অনুযায়ী উপযুক্ত প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েল রাষ্ট্রের কাজের স্বাধীনতা বা জাতীয় সামুদ্রিক স্বার্থ কোনো হুমকির মুখে পড়লে এমন কোনো বাস্তবতা নৌবাহিনী মেনে নেবে না। দায়িত্ব ও মিশন পূরণে ইসরায়েলি নৌবাহিনী প্রকাশ্যে কিংবা গোপনে সব জায়গায় নিজেদের উপস্থিতি নিশ্চিত করবে বলেও জানান তিনি।

ইসরায়েলের ‘চ্যানেল ১২’-এর সামরিক বিশ্লেষক নির ডোরির মতে, ভূমধ্যসাগরে সম্প্রতি দুই দেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু উত্তেজনাপূর্ণ ঘটনার প্রেক্ষাপটেই এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তিনি জানান, সম্প্রতি সাইপ্রাসের কাছে গ্রিস ও সাইপ্রাসের যৌথ মহড়া চলাকালে একটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ প্রায় চারটি তুর্কি নৌযানের মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতিতে পড়ে। তুর্কি জাহাজগুলো প্রায় ১০০ মিটারের কাছাকাছি চলে আসার পর অবশ্য যোগাযোগ বিচ্ছিন্ন করে সরে যায়।

এই ঘটনার পর ইসরায়েলি নিরাপত্তা সংস্থা তুরস্ককে একটি শত্রুভাবাপন্ন রাষ্ট্র হিসেবে বিবেচনা করতে শুরু করেছে বলে জানান নির ডোরি।

এস এম/ ৯ সেপ্টেম্বর ২০২৬

Back to top button