জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন

ঢাকা, ৯ সেপ্টেম্বর- সম্মিলিত প্রচেষ্টায় জাতিকে একটি মানসম্মত স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

বুধবার রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ‘নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত প্রশিক্ষণ’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

সিইসি দাবি করেন, জাতীয় নির্বাচনের মাধ্যমে ইসি জনগণের কাছে হারানো আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। ইসি ও প্রশাসনিক সংস্থাগুলোর প্রতি জনগণের আস্থাও অনেকটাই ফিরে এসেছে। মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রস্তুতি ত্বরান্বিত করতে কাজ চলছে বলেও জানান তিনি।

এ এম এম নাসির উদ্দিন বলেন, প্রতিটি কাজের মূল মাপকাঠি হলো তার সাফল্য বা ফলাফল। জাতীয় নির্বাচনে প্রশাসনিক সংস্থাগুলো নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে।

তিনি আরও বলেন, জনগণের মধ্যে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, তা বহুলাংশে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। একই উচ্চ মানদণ্ড বজায় রেখে স্থানীয় সরকার নির্বাচন সফল করতে প্রশাসনও প্রতিশ্রুতিবদ্ধ।

এস এম/ ৯ সেপ্টেম্বর ২০২৬

Back to top button