জাতীয়

ওমান বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার চুক্তি করেছে

কর্মী নেওয়ার চুক্তি

ঢাকা, ৯ সেপ্টেম্বর- বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার কথা জানিয়েছে ওমান। এর মধ্যে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী রয়েছেন। এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তিও সই হয়েছে।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ওমানের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বলেন, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের সরকারের কথা হয়েছে। ওমানের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিল। তারা বাংলাদেশ থেকে ৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবী নেবে। সব মিলিয়ে ১০ হাজার কর্মী নেওয়ার কথা জানিয়েছে তারা। এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, ওমানের আরেকটি প্রতিনিধি দল আগামী মাসে বাংলাদেশে আসবে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে এবং এরপর বিষয়টি চূড়ান্ত হবে।

ওমানের ভিসা চালুর বিষয়ে সরকার কূটনৈতিকভাবে চেষ্টা করছে জানিয়ে শামা ওবায়েদ বলেন, বিভিন্ন কারণে ওমানের ভিসা বন্ধ রয়েছে। বিগত সরকারের সময়ে এটি হয়েছে। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশিরা যাতে নিয়মিতভাবে ওমানে যেতে পারেন, সে বিষয়ে সরকার চেষ্টা করছে।

এস এম/ ৯ সেপ্টেম্বর ২০২৬

Back to top button