চট্টগ্রাম

চট্টগ্রাম নগরে দুঃসাহসিক চুরি: স্বর্ণ ও ১৫ লাখ টাকাসহ গ্রেপ্তার ৭

স্বর্ণ উদ্ধার

চট্টগ্রাম, ৪ সেপ্টেম্বর – চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকায় দিনের বেলায় একটি বাসায় চুরির ঘটনায় এক নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চুরি হওয়া ৭ ভরি স্বর্ণালংকার এবং স্বর্ণ বিক্রির ১৫ লাখ ১১ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি মুঠোফোনও উদ্ধার করা হয়।

শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর পুলিশের পশ্চিম বিভাগের উপপুলিশ কমিশনার মো. আলমগীর হোসেন এসব তথ্য জানান।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জসিম উদ্দিন, মোস্তাকিন হোসেন মিঠু, সেতু দাস ওরফে সালাউদ্দিন, মোহাম্মদ আলী, দেবব্রত বণিক ওরফে বলাই বণিক, মো. ইসমাইল ও ফারজানা বেগম।

পুলিশ জানায়, গত ২৮ জুলাই দুপুরে স্থানীয় এক ব্যবসায়ী স্ত্রীকে নিয়ে চিকিৎসকের কাছে গেলে তার বাসার তালা ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা এবং বৈদেশিক মুদ্রা চুরি হয়। একই সময়ে পাশের একটি বাসা থেকেও মালামাল লুট করা হয়। এই ঘটনায় আকবরশাহ থানায় মামলা দায়েরের পর তদন্তে নামে পুলিশ।

তদন্ত কর্মকর্তা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেন। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদ আলীর বাসার চালের ড্রামের ভেতর থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে ঢাকার তাঁতীবাজার এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া স্বর্ণালংকারগুলো উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এনএন/ ৪ সেপ্টেম্বর ২০২৬

Back to top button