জাতীয়

আগামীকাল বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

ঢাকা, ২৬ আগস্ট – আগামীকাল বিকেল ৩টায় শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। রাজনৈতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আলোচনার প্রেক্ষাপটে এবারের অধিবেশনটি বিশেষ তাৎপর্যপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে। বিরোধী দলের সদস্যরা এই অধিবেশনে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং লোডশেডিংয়ের মতো জনদুর্ভোগের বিষয়গুলো জোরালোভাবে উত্থাপন করার প্রস্তুতি নিয়েছেন।

এর পাশাপাশি প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয় নিয়োগ সংক্রান্ত অভিযোগ নিয়েও তারা সংসদে সরব হতে পারেন বলে জানা গেছে। বিরোধীদলীয় সংসদ সদস্যরা জানিয়েছেন, বর্তমান সরকারের কার্যকাল ছয় মাস পূর্ণ হওয়ায় এখন আর একে প্রস্তুতিকাল হিসেবে দেখার সুযোগ নেই। দেশ গঠনে সরকারের সীমাবদ্ধতা ও দুর্বলতাগুলো তারা সংসদীয় বিতর্কে তুলে ধরবেন এবং জনস্বার্থে সরকারের জবাবদিহি নিশ্চিত করবেন।

অন্যদিকে সরকারি দলের সংসদ সদস্যরা বলছেন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সংসদে বিতর্ক ও আলোচনা সংসদীয় গণতন্ত্রের একটি স্বাভাবিক প্রক্রিয়া। সংশ্লিষ্ট মহল মনে করছে, সংবিধান সংশোধন, সংসদীয় স্থায়ী কমিটি গঠন, গণভোটের বিধান এবং জুলাই সনদসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী অবস্থানের কারণে অধিবেশনে তীব্র বিতর্কের সৃষ্টি হতে পারে।

বিশেষ করে সংবিধানের মৌলিক কাঠামোর পরিবর্তন এবং স্থায়ী কমিটির সভাপতি পদ বণ্টন নিয়ে সরকারি ও বিরোধী পক্ষের মধ্যে মতপার্থক্যের সম্ভাবনা রয়েছে। এদিকে সংসদ অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেরেবাংলা নগরসহ সংলগ্ন এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। আজ রাত ১২টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে।

নিরাপত্তা নিশ্চিত করতে সংসদ এলাকা ও আশেপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নজরদারি ক্যামেরার সংখ্যা বাড়ানো হয়েছে। ফার্মগেট, বিজয় সরণি ও শ্যামলী মোড়সহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিশেষ তল্লাশি চৌকি বসানো হয়েছে। আইনশৃঙ্খলার অবনতি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর অবস্থানের কথা জানিয়েছে।

এস এম/ ২৬ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language