যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল: রেনো শহর থেকে ৪২ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

ওয়াশিংটন, ২৪ আগস্ট – মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়া একটি ভয়াবহ দাবানল রেনো শহরের দিকে অগ্রসর হওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের অবিলম্বে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। রেনোর মেয়র হিলারি শিভে সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে এখন পর্যন্ত প্রায় ৪২ হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন।
পরিস্থিতি বিবেচনায় আরও প্রায় ৪৫ হাজার বাসিন্দাকে যে কোনো সময় সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। গত একদিনের ব্যবধানে হক ফায়ার নামক এই দাবানলটি প্রায় ১৫ হাজার ৪০ একর এলাকায় ছড়িয়ে পড়ে। রবিবার বিকেলে আগুনটি রেনো শহরের মাত্র ৫ মাইল উত্তর পশ্চিমে অবস্থান করছিল।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী আগুনের কবলে পড়ে পাহাড়ের ওপর থাকা বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ছয়জন ব্যক্তি আহত হয়েছেন যাদের মধ্যে তিনজন জরুরি সেবাকর্মী। মার্কিন সরকারের দাবানল পর্যবেক্ষণকারী সংস্থা ইনসিওয়েব এই পরিস্থিতিকে অত্যন্ত ভয়াবহ বলে উল্লেখ করেছে।
দাবানলের মারাত্মক বিস্তারের কারণে নেভাদার গভর্নর জো লোম্বার্ডো ওয়াশো কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তার জারি করা আদেশে বলা হয়েছে যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন আবাসিক স্থাপনার জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে।
নেভাদার উত্তর পশ্চিমাঞ্চলে এবং ক্যালিফোর্নিয়া সীমান্তের নিকটবর্তী জনপ্রিয় পর্যটন কেন্দ্র লেক তাহোর কাছেই এই শহরটির অবস্থান। স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান রিচার্ড এডওয়ার্ডস সতর্ক করে জানিয়েছেন যে বাতাসের গতির কারণে আগুন খুব দ্রুত লোকালয়ে পৌঁছে যেতে পারে। তাই বাসিন্দাদের নিরাপদ স্থানে যাওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকতে অনুরোধ করা হয়েছে।
এস এম/ ২৪ আগস্ট ২০২৬









