মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন প্রথম

রিয়াদ, ২০ আগস্ট – সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে আয়োজিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের তরুণ হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। প্রতিযোগিতার চতুর্থ শাখায় অংশ নিয়ে তিনি এই গৌরবময় সাফল্য অর্জন করেন।
এই শাখায় প্রতিযোগীদের টানা ১৫ পারা পবিত্র কোরআন হিফজের পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদের দক্ষতা যাচাই করা হয়। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ অত্যন্ত সফলভাবে অতিক্রম করে প্রথম স্থান অধিকার করেন নুরুদ্দিন। সৌদি আরবের ইসলাম বিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে মোট পাঁচটি পৃথক শাখায় এই আন্তর্জাতিক আসর অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক পর্যায়ের বিচারকদের সূক্ষ্ম ও কঠোর মূল্যায়নের মাধ্যমে কোরআন হিফজ, তিলাওয়াত ও তাজবিদসহ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিযোগীদের দক্ষতা যাচাই করা হয়েছে। পবিত্র মসজিদুল হারামে আয়োজিত এক বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন শাখার সেরা ৫০ জন বিজয়ীর হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।
সৌদি বাদশাহ সালমানের প্রতিনিধি হিসেবে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কা অঞ্চলের উপ গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আবদুল আজিজ।
বিজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়া তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, পবিত্র কোরআনের বরকতেই তিনি একটি ছোট গ্রাম থেকে আজ মক্কা নগরীতে পৌঁছাতে পেরেছেন। মসজিদুল হারামের মতো পবিত্র স্থানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নিতে পারা এবং এই সাফল্য অর্জন করা তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন।
এস এম/ ২০ আগস্ট ২০২৬









