জাতীয়

রোমানিয়া ও পার্শ্ববর্তী তিন দেশে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কবার্তা

ঢাকা, ১৮ আগস্ট – রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সতর্কতা এবং দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে বুখারেস্টের বাংলাদেশ দূতাবাস।

সোমবার রাতে এক জনসচেতনতামূলক বিজ্ঞপ্তির মাধ্যমে এই পরামর্শ দেওয়া হয়।

দূতাবাস জানায়, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম তথ্য আদান প্রদান ও যোগাযোগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে অনিচ্ছাকৃতভাবে শেয়ার করা কোনো পোস্ট, মন্তব্য, ছবি বা ভিডিও অনেক সময় আইনি জটিলতা তৈরি করতে পারে। বিশেষ করে ধর্ম, রাজনীতি, জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার মতো সংবেদনশীল বিষয়ে কোনো কিছু পোস্ট করার আগে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যেকোনো তথ্য শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা আবশ্যক। স্থানীয় আইনের পরিপন্থি, উসকানিমূলক, বৈষম্যমূলক কিংবা আপত্তিকর হিসেবে গণ্য হতে পারে এমন যেকোনো বিষয় শেয়ার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে সহিংসতা বা উগ্রবাদী কর্মকাণ্ড সমর্থন করে এমন কোনো কনটেন্ট প্রকাশ না করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে দূতাবাস।

বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন ও সামাজিক মূল্যবোধের প্রতি সম্মান দেখানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

দূতাবাসের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার প্রবাসীদের আইনি ঝামেলা থেকে মুক্ত রাখবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। রোমানিয়া ও পার্শ্ববর্তী দেশগুলোতে বসবাসরত সকল বাংলাদেশিকে দায়িত্বশীল ও সংযত আচরণের মাধ্যমে বিদেশের মাটিতে দেশের মর্যাদা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।

এনএন/ ১৮ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language