ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে এবার মাহমুদউল্লাহ রিয়াদ, খেলবে বাংলাদেশ

ঢাকা, ১৭ আগস্ট – বিশ্বের দ্বিতীয় সর্বাধিক দর্শকপ্রিয় ক্রিকেট লিগ হিসেবে পরিচিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের তৃতীয় আসর শুরু হতে যাচ্ছে। আগামী ৩ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত যুক্তরাজ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এবারের আসরে নতুন দল হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নস।
গত দুই মৌসুমের ব্যাপক সাফল্যের পর এবার আরও বড় তারকা সমাগম ও তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেট ভক্তরা। এবারের আসরে কিংবদন্তি ক্রিকেটার যুবরাজ সিং, এবি ডি ভিলিয়ার্স, ডিজে ব্রাভো, শহীদ আফ্রিদি এবং মঈন আলীর পাশাপাশি মাঠ মাতাবেন ডেভিড ওয়ার্নার ও বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।
টুর্নামেন্টের প্রথম আসরে ইন্ডিয়া চ্যাম্পিয়নস এবং দ্বিতীয় আসরে সাউথ আফ্রিকা চ্যাম্পিয়নস শিরোপা জিতেছিল। আয়োজক সংস্থা জানিয়েছে যে এই মৌসুমে ভক্তদের জন্য নানা চমক থাকবে।
টুর্নামেন্টের সহ প্রতিষ্ঠাতা ও বলিউড সুপারস্টার অজয় দেবগন বলেন, এটি কেবল একটি ক্রিকেট লিগ নয় বরং আবেগ ও বিনোদনের এক অনন্য মিলনস্থল। ৪২৫ মিলিয়ন দর্শকপ্রিয়তা পাওয়া এই টুর্নামেন্টটি এবার আরও বড় পরিসরে আয়োজিত হচ্ছে।
এস এম/ ১৭ আগস্ট ২০২৬









