ইউরোপ

রাশিয়ার ওপর আরও বড় পরিসরে নিষেধাজ্ঞার ঘোষণা ইইউর

মস্কো, ১৭ আগস্ট – ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার তালিকায় আরও রুশ প্রতিষ্ঠান ও সংস্থাকে যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক শীর্ষ কূটনীতিক কাজা কাল্লাস। সোমবার জার্মান সংবাদপত্র ডি ভেল্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানিয়েছেন।

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে মস্কোর বিরুদ্ধে এ পর্যন্ত ২১ দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এবার নতুন করে আরও ব্যাপক ও কঠোর নিষেধাজ্ঞার প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান কাল্লাস।

ডি ভেল্টকে তিনি বলেন, আগামী শরৎকালের জন্য তিনি যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড় নিষেধাজ্ঞার তালিকা প্রস্তাব করতে যাচ্ছেন। কাল্লাস আরও জানান, প্রস্তাবটি অনুমোদিত হলে ইইউর নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থার সংখ্যা প্রায় এক তৃতীয়াংশ বৃদ্ধি পাবে।

রাশিয়ার বিরুদ্ধে সর্বশেষ নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদনের সময় ইইউর সদস্য দেশগুলোর মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছিল। কয়েকটি সদস্য দেশ কঠোর কিছু পদক্ষেপের বিরোধিতা করায় কয়েক সপ্তাহের আলোচনার পর তুলনামূলকভাবে শিথিল প্যাকেজটি চূড়ান্ত করা হয়।

তবে এর কয়েক সপ্তাহ পরই নতুন করে আরও কঠোর পদক্ষেপের পরিকল্পনার কথা সামনে আনলেন কাজা কাল্লাস। ইইউর এই শীর্ষ কূটনীতিকের দাবি, নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার যুদ্ধ পরিচালনার সক্ষমতায় এ পর্যন্ত ১ ট্রিলিয়ন ইউরোর বেশি আর্থিক ক্ষতি হয়েছে। ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী, বর্তমানে রাশিয়ার প্রায় ৩ হাজার ব্যক্তি ও প্রতিষ্ঠান ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

এস এম/ ১৭ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language