কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন

ঢাকা, ১৬ আগস্ট – প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ জেলার উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়েছেন। আজ রবিবার সকাল ৯টা ৪০ মিনিটে তিনি রাজধানীর নিজ বাসভবন থেকে সড়কপথে পাকুন্দিয়া উপজেলার অভিমুখে যাত্রা শুরু করেন।
প্রধানমন্ত্রীর এই সফরে কিশোরগঞ্জ সদর, কটিয়াদী এবং পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণের কথা রয়েছে। সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
তাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এলাকাবাসী। দিনব্যাপী এই সফরে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ এবং মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করবেন।
এছাড়াও তিনি মৎস্যপক্ষের শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন ব্যক্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরতদের মাঝে অনুদান ও সম্মানি প্রদান করবেন বলে জানা গেছে।
এস এম/ ১৬ আগস্ট ২০২৬









