মধ্যপ্রাচ্য

সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা

সানা, ১৪ আগস্ট – সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি শোধনাগার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা।

সামরিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের জিজান অঞ্চলে অবস্থিত ওই শোধনাগারটিতে দুটি ড্রোন দিয়ে এই আক্রমণ চালানো হয়। তবে এই হামলার ফলে শোধনাগারটির কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

হামলার দায় স্বীকার করে হুতি বিদ্রোহীরা জানিয়েছে, ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমা এবং সার্বভৌমত্ব সৌদি আরব কর্তৃক লঙ্ঘনের প্রতিবাদে এই পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে। দীর্ঘদিনের চলমান এই দ্বন্দ্বে এর আগেও আরামকোর বিভিন্ন স্থাপনায় বেশ কয়েকবার হামলা চালিয়েছে হুতিরা।

এস এম/ ১৪ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language