মধ্যপ্রাচ্য

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ দায়িত্ব: এরদোয়ান

আঙ্কারা, ১৩ আগস্ট – ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির বিশেষ করে মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

বুধবার আঙ্কারার প্রেসিডেন্ট ভবনে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

এরদোয়ান বলেন, ফিলিস্তিনকে সমর্থন করা সবার একটি যৌথ দায়িত্ব এবং তুরস্ক প্রতিটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে জোরালোভাবে কথা বলা অব্যাহত রাখবে।

সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট অভিযোগ করেন যে, ইসরায়েলের বর্তমান সরকার অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে ফিলিস্তিনি রাষ্ট্রের অস্তিত্বকে ক্ষুণ্ন করছে। তিনি একে একটি পরিকল্পিত দখলদারিত্ব হিসেবে অভিহিত করে বলেন, বিশ্ববাসীর চোখের সামনে এই ধ্বংসযজ্ঞ ও উচ্ছেদ অভিযানকে কোনোভাবেই উপেক্ষা করা সম্ভব নয়।

জাতিসংঘের পরিসংখ্যানের উল্লেখ করে এরদোয়ান বলেন, দখলদারদের সহিংসতার কারণে হাজার হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হচ্ছেন এবং প্রাণ হারাচ্ছেন। বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিকে কাজে লাগিয়ে ফিলিস্তিন ইস্যুকে বৈশ্বিক আলোচ্যসূচি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা সফল হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। এছাড়া আল-আকসা মসজিদসহ অন্যান্য পবিত্র স্থানগুলোর স্থিতাবস্থা পরিবর্তনের যেকোনো প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেন তিনি।

ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি আঙ্কারার অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও ভৌগোলিকভাবে অবিচ্ছিন্ন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় তার দেশ কাজ করে যাবে। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমেই এই সংকটের স্থায়ী উত্তরণ সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

এনএন/ ১৩ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language