হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে, যুক্তরাষ্ট্র ও তেহরানের শান্তি চুক্তি স্থবির

তেহরান, ১৩ আগস্ট – কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে রয়েছে বলে দাবি করেছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ আধিপত্যের দাবি করার ঠিক একদিন পরেই ইরান পাল্টা এই বক্তব্য দিল।
ইরানের আধাসামরিক বাহিনী বাসিজের প্রধান হোসেইন তায়েব বৃহস্পতিবার জানান যে, হরমুজ প্রণালি বর্তমানে ইসলামি প্রজাতন্ত্রের যথাযথ ব্যবস্থাপনা ও পাহাড়ায় রয়েছে। আধা সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজের প্রতিবেদনে তার এই বক্তব্যের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়।
হোসেইন তায়েব বলেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে যুদ্ধাবস্থা তৈরি করে মূলত ইরানের বৈশ্বিক জনপ্রিয়তা নষ্ট করতে চেয়েছিল। তিনি আরও উল্লেখ করেন যে, ইরানের নৌ ও বিমান বাহিনীর সক্ষমতা নিয়ে বিদ্রূপ করা হলেও শেষ পর্যন্ত এই দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রেরই পরাজয় হয়েছে।
এদিকে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেল মোহাম্মদ রেজা নাকদি জানিয়েছেন যে, প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েই ইরানের সামরিক অভিজ্ঞতা ও সক্ষমতা বাড়ছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের বাস্তব কৌশল গত পাঁচ মাসে তারা অত্যন্ত কার্যকরভাবে রপ্ত করেছেন।
তবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে দুই দেশের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তী চুক্তিতে বর্তমানে কোনো অগ্রগতি নেই। গত ১৭ জুন ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে যে ১৪ দফার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তার কার্যক্রম এখন পুরোপুরি বন্ধ।
গত ৮ জুলাই ট্রাম্প হঠাৎ করে চুক্তিটি ভেঙে গেছে বলে ঘোষণা দেওয়ার পর তেহরানও তাদের শান্তি প্রক্রিয়া স্থগিত করে। ওয়াশিংটনের অভিযোগ ইরান তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি। অন্যদিকে তেহরান বলছে যে, যুক্তরাষ্ট্র তাদের জব্দ করা সম্পদ ফেরত না দেওয়া এবং বন্দর অবরোধ প্রত্যাহার না করায় শান্তি আলোচনা মুখ থুবড়ে পড়েছে।
এস এম/ ১৩ আগস্ট ২০২৬









