জাতীয়

মির্জা ফখরুলের পদত্যাগে মন্ত্রিসভায় রদবদলের প্রস্তুতি

ঢাকা, ১৩ আগস্ট – আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় সব পদ ও মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন। তার এই পদত্যাগের ফলে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরে জরুরি রদবদল আনতে যাচ্ছে সরকার। প্রশাসনিক ও রাজনৈতিক গতিশীলতা বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সূত্র অনুযায়ী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। অন্যদিকে, তার জায়গায় নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। রাষ্ট্রপতি নির্বাচন ও শপথ গ্রহণ শেষ হওয়ার পরই মূলত মন্ত্রিসভায় এই পরিবর্তন কার্যকর হতে পারে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলে বিএনপির মহাসচিবের পদটিও শূন্য হবে।

সেক্ষেত্রে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংসদে বিএনপির বিশাল সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত। নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষে নতুন রাষ্ট্রপতির শপথের পরই মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি চূড়ান্ত হবে বলে ধারণা করা হচ্ছে।

এস এম/ ১৩ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language