জাতীয়

জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র, ৭ নভেম্বর ছুটি ঘোষণা

মন্ত্রিপরিষদ বিভাগ

ঢাকা, ১১ অক্টোবর-জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন ও পালন সংক্রান্ত নতুন পরিপত্র জারি করেছে সরকার। রবিবার এ বিষয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

পরিপত্রে জাতীয় পর্যায়ের উৎসব ছাড়া সাধারণভাবে দিবস পালনের ক্ষেত্রে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, সাজসজ্জা ও বড় ধরনের বিচিত্রানুষ্ঠান যথাসম্ভব এড়িয়ে চলতে হবে।

তবে রেডিও ও টেলিভিশনে আলোচনা এবং সীমিত পরিসরে সেমিনার বা সিম্পোজিয়ামের আয়োজন করা যাবে। কর্মদিবসে সমাবেশ ও শোভাযাত্রা করা থেকে বিরত থাকতে হবে। কোনো সপ্তাহ পালনের ক্ষেত্রে সাধারণভাবে অনুষ্ঠানসূচি তিন দিনের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।

সরকারিভাবে নেওয়া কোনো কর্মসূচির কারণে যাতে অফিসের কাজে ব্যাঘাত না ঘটে, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছুটির দিনে অথবা অফিস সময়ের পরে আয়োজনের চেষ্টা করতে হবে।

নগদ অর্থ বা উপকরণ হিসেবে অর্থ ও সম্পদ ব্যয়ের প্রয়োজন হবে না, এমন সাধারণ অনুষ্ঠান ছুটির দিনে কিংবা কার্যদিবসে আয়োজন করা যাবে। এ ধরনের অনুষ্ঠানের মধ্যে রয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী প্রচার, প্রযোজ্য ক্ষেত্রে পতাকা উত্তোলন, ঘরোয়া আলোচনা সভা, রেডিও ও টেলিভিশনে আলোচনা এবং পত্রিকায় প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ।

কোনো দিবস বা সপ্তাহ পালন উপলক্ষে রাজধানীর বাইরে কিংবা জেলা পর্যায় থেকে কর্মকর্তা-কর্মচারীদের ঢাকায় আনা যথাসম্ভব এড়িয়ে চলতে হবে।

সরকারি ব্যয় সাশ্রয়ের ধারাবাহিকতা বজায় রাখতে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নিজ নিজ অধিক্ষেত্রে একই ধরনের জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আন্তর্জাতিক দিবস উদযাপনকে অগ্রাধিকার দিতে হবে। এ ধরনের দিবসগুলো একই তারিখে একসঙ্গে পালন করা বাধ্যতামূলক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজন হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের জন্য সারসংক্ষেপ তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে হবে।

নতুন পরিপত্রে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন এবং এ উপলক্ষে ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসব সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে। পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, এর আগে গত ১১ মার্চ জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন ও পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পরিপত্রটি বাতিল করা হয়েছে।

এস এম/ ১১ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language