মধ্যপ্রাচ্য

ইয়েমেনে সৌদি সামরিক ক্যাম্পে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

সানা, ১২ আগস্ট – ইয়েমেনের মোখা এবং মারিব অঞ্চলের তাদাউইন সামরিক ক্যাম্পে অবস্থানরত সৌদি সামরিক বাহিনী, অস্ত্রাগার ও কমান্ড সদর দপ্তর লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। মঙ্গলবার রাতে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন হুতিদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।

বিবৃতিতে জানানো হয়, বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে এই সমন্বিত অভিযান পরিচালনা করা হয়েছে। সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানায় কয়েক ডজন সৌদি সেনা ও তাদের সমর্থিত মিলিশিয়া হতাহত হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।

মুখপাত্র ইয়াহিয়া সারি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইয়েমেনে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং সামরিক আগ্রাসন অব্যাহত রাখলে এই ধরনের হামলা চলতেই থাকবে। একই সাথে সৌদি আরবের সহযোগী ইয়েমেনি গোষ্ঠীগুলোকে তাদের বর্তমান অবস্থান থেকে সরে আসার আহ্বান জানিয়েছে আনসারুল্লাহ।

এদিকে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বাব আল-মানদাব প্রণালিতে একটি সৌদি মালবাহী জাহাজেও হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী। ইয়েমেনের কোস্ট গার্ড ও সামরিক সূত্র নিশ্চিত করেছে যে, এই হামলায় তিন ক্রু সদস্য নিহত হয়েছেন এবং বাকিদের ভাগ্যে কী ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরোর সিনিয়র সদস্য হিজাম আল-আসাদ আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, সৌদি আরব দীর্ঘদিন ধরে মোখা বন্দরকে একটি সামরিক ঘাঁটিতে রূপান্তরের চেষ্টা চালিয়ে আসছিল। সানার এই আগাম অভিযান রিয়াদের সেই কৌশলগত পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে বলে তিনি মন্তব্য করেন।

এস এম/ ১২ আগস্ট ২০২৬


Back to top button