এশিয়া

ইন্দোনেশিয়ার জাভায় ভয়াবহ দাবানল, পর্যটকদের প্রবেশ বন্ধ

জাকার্তা, ৯ আগস্ট – ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় একটি জাতীয় উদ্যানে দর্শনার্থীদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। প্রায় এক সপ্তাহ ধরে মাউন্ট ব্রমো এলাকার কাছে এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দমকলকর্মীরা।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, গত সোমবার ব্রমো টেঙ্গার সেমেরু জাতীয় উদ্যানে আগুনের সূত্রপাত হয়। এখন পর্যন্ত এই দাবানলে প্রায় ১৭৬ হেক্টর বনভূমি পুড়ে গেছে। পরিস্থিতি বিবেচনায় শনিবার রাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় উদ্যানে পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আবদুল মুহারি জানিয়েছেন, আগুনে এখন পর্যন্ত কোনো হতাহত বা স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে পাহাড়ি এলাকার দুর্গম ঢাল ও প্রবল বাতাসের কারণে স্থলপথে আগুন নেভানোর কাজ ব্যাহত হচ্ছে। দুর্গম এলাকাগুলোতে আকাশপথে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য দুটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

২০২৩ সালেও মাউন্ট ব্রমো এলাকায় ভয়াবহ আগুনে প্রায় ৫০০ হেক্টরের বেশি জমি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

আবহাওয়া সংস্থা বিএমকেজি জানিয়েছে, এল নিনোর প্রভাবে চলতি বছর ইন্দোনেশিয়ায় শুষ্ক মৌসুম আরও দীর্ঘস্থায়ী হতে পারে, যা দাবানল ও খরার ঝুঁকি বাড়িয়ে তুলবে। এ বছরের প্রথম ছয় মাসে ইন্দোনেশিয়ায় প্রায় ১ লাখ ৭ হাজার হেক্টর জমি দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এনএন/ ৯ আগস্ট ২০২৬


Back to top button