জাতীয়

নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ৬ কমিটি গঠন করল মন্ত্রিপরিষদ বিভাগ

ঢাকা, ৯ আগস্ট – নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান যথাযথ মর্যাদায় এবং সুচারুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৬টি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

গত রোববার ৯ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে। আদেশে জানানো হয়েছে যে, নির্বাচন কমিশন গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। রাষ্ট্রপতি নির্বাচনের পর প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে নির্ধারিত সময় ও স্থানে শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে।

গঠিত কমিটিগুলোর মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ফারাহ শাম্মীর নেতৃত্বে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এছাড়া অতিরিক্ত সচিব মো. শামীম সোহেলের নেতৃত্বে ডকুমেন্টেশন ও রেকর্ড সংরক্ষণ এবং অতিথি তালিকা ও আমন্ত্রণপত্র মুদ্রণ কমিটি গঠন করা হয়েছে। আমন্ত্রণপত্র বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটির নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান।

আসন ব্যবস্থাপনা কমিটির প্রধান হিসেবে অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির এবং অভ্যর্থনা কমিটির দায়িত্বে অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমকে রাখা হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে যে, কমিটিগুলো প্রয়োজনে নিজস্ব কর্মকর্তা ও কর্মচারী অন্তর্ভুক্ত করতে পারবে। তারা দ্রুত সভা আহ্বান করে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করবেন এবং উপকমিটির আহ্বায়করা তাদের নিয়মিত কার্যক্রম সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিবকে অবহিত করবেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এনএন/ ৯ আগস্ট ২০২৬


Back to top button