এশিয়া

থাইল্যান্ডে কিশোরের গুলিতে ৮ জনের মৃত্যু: কঠোর অস্ত্র আইনের ঘোষণা প্রধানমন্ত্রীর

ব্যাংকক, ৮ আগস্ট – থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে এক কিশোরের নির্বিচার গুলিতে আটজন নিহতের ঘটনায় অস্ত্র নিয়ন্ত্রণ আইন আরও কঠোর করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। জনসম্মুখে আগ্নেয়াস্ত্র বহনের ওপর বিধিনিষেধ আরোপ করে নতুন আইন প্রণয়নের পরিকল্পনা করছে সরকার।

প্রস্তাবিত এই আইন অনুযায়ী কেবল কর্তব্যরত সরকারি কর্মকর্তাদের জনসমক্ষে অস্ত্র বহনের অনুমতি দেওয়া হতে পারে। শুক্রবার ভোরে নিজ ফ্ল্যাটে ৭৩ বছর বয়সি দাদা ও ৭৪ বছর বয়সি দাদিকে মাথায় গুলি করে হত্যা করে ১৪ বছর বয়সি এক কিশোর।

এরপর ৯ মিলিমিটারের একটি লাইসেন্সকৃত পিস্তল ও কয়েক ডজন গুলি নিয়ে সে স্কুলবাসে চড়ে দেবসিরিন ননতাবুরি স্কুলে যায়। সেখানে দ্বিতীয় ক্লাস শুরুর আধা ঘণ্টা পর ব্যাগ থেকে পিস্তল বের করে এলোপাতাড়ি গুলি শুরু করে ওই শিক্ষার্থী। স্কুলের ষষ্ঠ তলায় সে প্রথমে তিন শিক্ষককে গুলি করে হত্যা করে।

এরপর সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় স্কুলের উপ পরিচালক ও তার সচিবকেও গুলি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়। সকাল ১০টা ৪০ মিনিটের দিকে পুলিশ ভবনের ভেতর থেকে হামলাকারী কিশোরের নিথর দেহ উদ্ধার করে।

পুলিশের ধারণা হত্যাকাণ্ডের পর সে নিজেই মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২২ জন। প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে জানান যে দেশে এই ধরনের সহিংসতা রোধে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে থাইল্যান্ডে বেসামরিক নাগরিকদের হাতে অস্ত্রের সংখ্যা সবচেয়ে বেশি। বিবিসি এর তথ্য অনুযায়ী দেশটিতে প্রায় ১ কোটি ৩ লাখ অস্ত্র সাধারণ মানুষের হাতে রয়েছে যার একটি বড় অংশই অবৈধ।

এস এম/ ৮ আগস্ট ২০২৬


Back to top button