বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা, ৯ আগস্ট – আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার পথে তিনি অনেকটা নিশ্চিতভাবেই এগিয়ে গেলেন।
রোববার বিএনপির পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্রমতে, দলের চেয়ারম্যান তারেক রহমান মির্জা ফখরুলের নাম চূড়ান্ত করেছেন। এর আগে স্থায়ী কমিটির সভায় রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের দায়িত্ব এককভাবে তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়েছিল।
এদিকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতিও শুরু করেছে বিএনপি। রোববার সকালে নির্বাচন কমিশন থেকে দলটির পক্ষে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয় থেকে এই ফরম সংগ্রহ করেন।
জাতীয় সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর নির্বাচিত হওয়া এখন কেবল আনুষ্ঠানিকতা মাত্র।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট সংসদ ভবনে রাষ্ট্রপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। তবে অন্য কোনো বৈধ প্রার্থী না থাকলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন।
এনএন/ ৯ আগস্ট ২০২৬









