২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ

ঢাকা, ৯ আগস্ট – দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করা হয়েছে।
রোববার ৯ আগস্ট দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত জোটের শীর্ষ নেতাদের এক জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
বৈঠক শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে জোটের প্রার্থী হিসেবে অলি আহমদের নাম ঘোষণা করেন। তিনি জানান যে জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সর্বসম্মতিক্রমে তাকে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনীত করা হয়েছে।
ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ উপস্থিত ছিলেন। এছাড়া জোটের শরিকদের মধ্যে এলডিপি চেয়ারম্যান ও মনোনীত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার সভাপতি রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এর আগে শনিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলটির নির্বাহী পরিষদের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপি ইতোমধ্যে এই নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছে।
সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী জাতীয় সংসদের সদস্যদের ভোটে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
এনএন/ ৯ আগস্ট ২০২৬









