কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জ, ৯ আগস্ট – আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হবে। উপজেলার ২৭ নম্বর মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন।

এই কার্যক্রমের মাধ্যমে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইউনিফর্ম প্রদানের প্রক্রিয়াটি শুরু হতে যাচ্ছে। রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এই কর্মসূচির বিস্তারিত তথ্য জানান। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং সবার জন্য সমান সুযোগ সম্বলিত শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে সরকার এই সহায়তা কর্মসূচি হাতে নিয়েছে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বিদ্যালয়ের বাইরে থাকা শিশুদের শিক্ষার আওতায় আনার পাশাপাশি যারা বর্তমানে পড়াশোনা করছে তাদের শিক্ষা জীবন অব্যাহত রাখতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতিমধ্যে শিক্ষার্থীদের ইউনিফর্মের নকশা চূড়ান্ত করা হয়েছে।

নির্ধারিত মডেল অনুযায়ী মেয়েদের জন্য ফ্রক এবং ছেলেদের জন্য হাফশার্ট ও শর্টস রাখা হয়েছে। শিশুদের বয়স এবং দৈনন্দিন ব্যবহারের সুবিধার কথা বিবেচনা করে পোশাকে আরাম ও একরূপতার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। এর আগে গত ২৯ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের এক আন্তঃমন্ত্রণালয় সভায় ইউনিফর্মের এই মডেলটি উপস্থাপন করা হয়েছিল।

ওই সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, প্রাথমিক পর্যায়ে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে বিদ্যালয়ে পাইলট প্রকল্পের আওতায় এই ইউনিফর্ম বিতরণ শুরু হবে। সরকারি এই কার্যক্রমে বিভিন্ন বেসরকারি ব্যবসায়ী প্রতিষ্ঠানকেও সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইতোমধ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি বিজিএমইএ এক লাখ শিক্ষার্থীর জন্য স্কুলব্যাগ, পোশাক ও জুতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পর্যায়ক্রমে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় অন্যান্য শিক্ষা উপকরণও এই সহায়তা কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এস এম/ ৯ আগস্ট ২০২৬


Back to top button