জাতীয়

শেখ হাসিনাকে দিল্লিতে কথা বলার সুযোগ দেওয়ায় বিএনপির প্রশ্ন

ঢাকা, ৭ আগস্ট – নয়াদিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় ভারত সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। দলটির নীতি-নির্ধারণী পর্যায়ের নেতারা এই বিষয়ে তাদের আপত্তির কথা জানিয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন ভারত তাকে আশ্রয় দিয়েছে কিন্তু সেখানে থেকে তিনি বাংলাদেশকে নিয়ে রাজনৈতিক তৎপরতা চালাচ্ছেন।

সরাসরি গণমাধ্যমে তাকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে যা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। গত ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকীতে নয়াদিল্লিতে দক্ষিণ এশিয়া ফরেন করেসপন্ডেন্টস ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে অডিও কলে বক্তব্য দেন শেখ হাসিনা।

এই ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও অসন্তোষ প্রকাশ করা হয়েছে। সালাহউদ্দিন আহমদ আরও উল্লেখ করেন যে বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত হওয়া সত্ত্বেও শেখ হাসিনাকে কেন রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া হলো সেটি বড় প্রশ্ন।

সংবাদ সম্মেলনে জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের বিষয়ে দুঃখ প্রকাশ বা ক্ষমা চাওয়ার প্রশ্ন এড়িয়ে যান শেখ হাসিনা। বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মতে জুলাই আন্দোলনে গণহত্যার পরেও আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই। বরং তারা দেশের বাইরে থেকে মানুষের বিরুদ্ধে অপতৎপরতা চালাচ্ছে।

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিয়ে তিনি জানান দলটির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত চলছে। আদালত থেকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। সরকার নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ করার চেয়ে আদালতের সিদ্ধান্তের ওপর গুরুত্ব দিচ্ছে। একইসাথে দীর্ঘ শাসনামলে গুম এবং খুনের মতো ঘটনার জন্য জনগণই তাদের বিচার করবে বলে তিনি মন্তব্য করেন।

এস এম/ ৭ আগস্ট ২০২৬


Back to top button