যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ হ্রাসের তথ্যে ক্ষুব্ধ ট্রাম্প

ওয়াশিংটন, ৭ আগস্ট – যুক্তরাষ্ট্রের যুদ্ধাস্ত্র ও ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর প্রকাশ্যে আসায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাথে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে এই ধরনের তথ্য ফাঁস ওয়াশিংটনকে দুর্বল করে দিচ্ছে বলে তিনি মনে করেন।
সংবেদনশীল এসব তথ্য ফাঁসের সাথে জড়িতদের শনাক্ত করতে ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। সম্প্রতি ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত এক মন্ত্রিসভার বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের উপস্থিতিতে এই বিষয়ে গভীর উদ্বেগ জানানো হয়।
ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত অস্ত্র রয়েছে বলে দাবি করলেও পরবর্তী সময়ে উচ্চ প্রযুক্তির কিছু সমরাস্ত্রের সংকটের কথা স্বীকার করেন। প্রতিবেদনে জানানো হয়েছে থাড ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের প্রায় চার পঞ্চমাংশ এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবস্থার অর্ধেকই ইতিমধ্যে ব্যবহৃত হয়ে গেছে।
এই পরিস্থিতির মুখে জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার সুরক্ষায় ট্রাম্প ডিফেন্স প্রোডাকশন অ্যাক্ট জারি করেছেন। একই সাথে শীর্ষ প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সাথে জরুরি বৈঠক করে উৎপাদন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিশ্লেষকদের মতে নতুন করে সমরাস্ত্রের মজুদ গড়ে তুলতে কয়েক বছর সময় লেগে যেতে পারে।
এস এম/ ৭ আগস্ট ২০২৬









