ইরানের সঙ্গে ট্রাম্পের আলোচনার ইঙ্গিতে তেলের বাজারে বড় পতন

তেহরান, ৩ আগস্ট – আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। ইরানের সঙ্গে পুনরায় আলোচনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা আসার পরপরই তেলের দাম ৬ শতাংশের বেশি হ্রাস পায়।
বাজার বিশ্লেষকদের মতে, সম্ভাব্য কূটনৈতিক উদ্যোগের এই খবরে বিনিয়োগকারীদের মধ্যে জ্বালানি সরবরাহ নিয়ে বিদ্যমান উদ্বেগ অনেকটা প্রশমিত হয়েছে। মূলত সোমবার ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে নতুন করে সমঝোতার প্রস্তাব দেওয়ার পর বিশ্ববাজারে তেলের মূল্যে এর প্রভাব পড়ে।
এর আগে পরিস্থিতি শান্ত করতে এবং আলোচনার পথ সুগম রাখতে ইরানের ওপর পূর্বপরিকল্পিত সামরিক হামলা স্থগিত করার ঘোষণা দেন তিনি। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ৬ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৮২ দশমিক ৪১ ডলারে নেমে আসে।
ট্রাম্পের এই বার্তার পর বিশ্ববাজারে তেলের বিক্রির হার হঠাৎ বেড়ে যায়। মার্কিন প্রেসিডেন্ট জানান, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের সংকট নিরসনেই তিনি এই উদ্যোগ নিয়েছেন।
এদিকে তেলের বাজারে ধস নামলেও বৈশ্বিক শেয়ারবাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। যুক্তরাষ্ট্রে এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার্স ০.৪ শতাংশ এবং নাসডাক ফিউচার্স ০.৬ শতাংশ বাড়লেও এশিয়ার বাজারে দরপতন হয়েছে। জাপানের নিক্কেই সূচক ১ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক ৩.৬ শতাংশ কমেছে।
এস এম/ ৩ আগস্ট ২০২৬









