খুলনায় পিস্তল ও গুলিসহ বি কোম্পানির ৩ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

খুলনা, ২ আগস্ট – খুলনার লবণচরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৬। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে রায়পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার মো. ইলিয়াস সরদার, গোপালগঞ্জের বকুলতলা এলাকার মো. সুজন এবং বরগুনার বেতাগি উপজেলার মো. নান্না ব্যাপারী।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি এবং এক লাখ ৫৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, আটককৃতরা খুলনার শীর্ষ সন্ত্রাসী সংগঠন বি কোম্পানির সক্রিয় সদস্য। নান্না ব্যাপারীর বসতঘরে তল্লাশি চালিয়ে সুজন ও ইলিয়াসের হেফাজত থেকে এই আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে খুলনা মহানগরীসহ পিরোজপুর ও বরগুনা জেলায় হত্যাচেষ্টা, মাদক ব্যবসা ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। অভিযান শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।
এনএন/ ২ আগস্ট ২০২৬









