জাতীয়

রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৩১ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার

ঢাকা, ২ আগস্ট – রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪৩১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে মোট ৭০টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, ডিএমপির আটটি বিভাগ এবং গোয়েন্দা ও সিটিটিসি ইউনিটের সমন্বয়ে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১০১ জন এবং তেজগাঁও বিভাগে ৭৯ জনকে আটক করা হয়েছে। এছাড়া ওয়ারী বিভাগে ৪৫ জন, গুলশান বিভাগে ৪৪ জন, মতিঝিল বিভাগে ৪০ জন, রমনা বিভাগে ৩৯ জন, লালবাগ বিভাগে ২৪ জন এবং উত্তরা বিভাগে ৪৭ জন গ্রেপ্তার হয়েছেন।

অভিযানে ডিএমপির গোয়েন্দা বিভাগ ৯ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ৩ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, ২৩০ গ্রাম গাঁজা, ১৪ হাজার ১৪২ পিস ইয়াবা এবং ১৫৬ গ্রাম হেরোইন। উদ্ধারকৃত মালামালের তালিকায় ৩১টি মোবাইল ফোন, একটি প্রাইভেটকার ও একটি পুরোনো ক্যামেরাও রয়েছে।

এছাড়া অভিযানে এক ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এনএন/ ২ আগস্ট ২০২৬


Back to top button