ই-২০ পেট্রোলের প্রতিবাদে মোদির বাসভবন অভিমুখে কেজরিওয়ালের পদযাত্রার ডাক

নয়া দিল্লি, ২ আগস্ট – ভারতের ই-২০ বা ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল চালুর সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের দিকে পদযাত্রার ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। আগামী ৪ আগস্ট দুপুর ১২টায় এই পদযাত্রা অনুষ্ঠিত হবে।
দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী জানান, এই জ্বালানি নীতি প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে দেওয়া একটি অনলাইন আবেদনে ইতিমধ্যে দুই লাখেরও বেশি মানুষ স্বাক্ষর করেছেন। সেই গণআবেদনের মুদ্রিত কপি তিনি নিজে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
দিল্লিতে আয়োজিত ন্যাশনাল টাউনহল অ্যাগেইনস্ট ই-২০ অনুষ্ঠানে এই নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে কেজরিওয়াল বলেন, দেশের মানুষের স্বাক্ষরিত স্মারকলিপিটি তিনি ব্যক্তিগতভাবে জমা দেবেন। পদযাত্রায় বিশাল জনসমাগমের পরিবর্তে সীমিত উপস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, তার সঙ্গে মাত্র ১০০ জন কর্মী সমর্থক থাকবেন যারা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।
যানবাহনে ই-২০ জ্বালানির ব্যবহারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে তিনি সরকারের প্রতি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, যদি এই জ্বালানি নিরাপদ হয় তবে সরকার মুক্ত আলোচনায় বসুক এবং তাদের সপক্ষে তথ্য প্রমাণ উপস্থাপন করুক।
এদিকে অরবিন্দ কেজরিওয়ালের এই ঘোষণাকে রাজনৈতিক স্টান্টবাজি হিসেবে অভিহিত করেছে ভারতীয় জনতা পার্টি। দিল্লি বিজেপির সভাপতি হর্ষ মালহোত্রা অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ই-২০ পেট্রোল ব্যবহারের কারণে ইঞ্জিন বিকল হয়েছে এমন অন্তত ১০০টি গাড়ির সুনির্দিষ্ট প্রমাণ কেজরিওয়াল হাজির করতে পারবেন কি না তা জনগণের সামনে স্পষ্ট করা প্রয়োজন।
এস এম/ ২ আগস্ট ২০২৬









