৫ আগস্ট রাজধানীতে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল

ঢাকা, ২ আগস্ট – আগামী ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এদিন রাজধানী ঢাকার পল্টন মোড়ে সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। দলের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এই কর্মসূচিতে নেতৃত্ব দেবেন।
শনিবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের থানা নেতাদের যৌথসভা থেকে এই সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে রাজনৈতিক নেতৃত্ব হিসেবে চরমোনাই পীর সরাসরি রাজপথে ছিলেন।
তিনি দলের অস্তিত্ব বাজি রেখে আন্দোলনে অংশ নিয়েছিলেন। তিনি আরও উল্লেখ করেন, ৫ আগস্টের কর্মসূচির মাধ্যমে জুলাইয়ের অবিনশ্বর শক্তির বহিঃপ্রকাশ ঘটানো হবে। আন্দোলনের প্রত্যাশা অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের দাবিতে সেদিন ঢাকার রাজপথে গণজমায়েত অনুষ্ঠিত হবে।
কর্মসূচি অনুযায়ী, আগামী ৫ আগস্ট বুধবার বেলা ১১টায় পল্টন মোড়ে সমাবেশ শুরু হবে। সমাবেশ শেষে জোহরের নামাজের আগে গণমিছিল বের করা হবে।
ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় এই সভায় সংগঠনের নগর দক্ষিণের সহ-সভাপতি জিএম রুহুল আমীন, আলহাজ আনোয়ার হোসেন, এমএইচ মোস্তাফা ও আলহাজ আব্দুল আউয়ালসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এস এম/ ২ আগস্ট ২০২৬









