আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

ঢাকা, ২৯ জুলাই – রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এই মামলায় পুলিশ গ্রেফতার না করলে আগামী রবিবার বা সোমবার নাগাদ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করার ঘোষণা দিয়েছেন তিনি। বুধবার শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিএমএম আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান আবদুল লতিফ সিদ্দিকী।
এদিন সংশ্লিষ্ট মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে পুলিশ প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আগামী ৭ সেপ্টেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেন। আদালত প্রাঙ্গণে লতিফ সিদ্দিকী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা চত্বরের ওই ঘটনায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি তিনি সকালে জানতে পেরেছেন।
তিনি আরও বলেন, আমি আত্মগোপনে বিশ্বাসী নই বরং সব সময় আত্মপ্রকাশ করতে চাই। তাই পুলিশ গ্রেফতার না করলে আমি নির্ধারিত সময়ে আদালতে গিয়ে নিজেই সমর্পণ করব। উল্লেখ্য গত বছরের ২৮ আগস্ট একটি অনুষ্ঠান থেকে লতিফ সিদ্দিকী ও সাংবাদিক পান্নাসহ ১৬ জনকে আটক করা হয়েছিল।
পরবর্তীতে শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এরপর হাইকোর্ট থেকে জামিন পেয়ে তারা কারামুক্ত হন।
সম্প্রতি শাপলা চত্বরের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরই ধারাবাহিকতায় পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে।
এস এম/ ২৯ জুলাই ২০২৬









