ইউরোপ

ফ্রান্সে ভয়াবহ দাবানল: ঘরছাড়া আড়াই লাখ মানুষ, জরুরি বৈঠকে মাখোঁ

প্যারিস, ২৭ জুলাই – ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে আড়াই লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। এমন পরিস্থিতিতে করণীয় ঠিক করতে জরুরি বৈঠক ডেকেছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। দাবানলে দেশটির জিরোন্দ অঞ্চলে প্যারিস শহরের আয়তনের চার গুণ এলাকা ইতোমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় প্রশাসনের তথ্যমতে গত রাত থেকে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল রয়েছে যা গত কয়েকদিনের তুলনায় ভিন্নতর। বোর্দো শহরের কাছাকাছি চলে আসা এই বিশাল দাবানলটি নিয়ন্ত্রণে নিরলস কাজ করছেন দমকলকর্মীরা। নতুন করে কাউকে এলাকা ছাড়ার নির্দেশ না দেওয়া হলেও পর্যটকদের ওই এলাকা থেকে দূরে রাখতে বাড়তি পদক্ষেপ নিয়েছে জিরোন্দ কর্তৃপক্ষ।

বিশেষ করে শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অবকাশকালীন শিবিরগুলো সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। স্থল ও আকাশপথে পানি ও কেমিক্যাল ছিটানোর মাধ্যমে আগুন নেভানোর কাজ চলছে। মঙ্গলবার থেকে তাপমাত্রা ফের বাড়ার সম্ভাবনা থাকায় দমকলকর্মীরা দ্রুত আগুন নেভানোর লড়াই চালিয়ে যাচ্ছেন।

সোমবার সকালে আয়োজিত এক জরুরি বৈঠকে প্রেসিডেন্ট মাখোঁ ক্ষতিগ্রস্তদের পাশে থাকার এবং দীর্ঘমেয়াদী সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন তারা ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্নির্মাণ ও মেরামতের কাজ করবেন এবং যতদিন প্রয়োজন হবে ততদিন তারা সাধারণ মানুষের পাশে থাকবেন।

এদিকে স্পেনের মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া অঞ্চলেও দাবানল পরিস্থিতির অবনতি হয়েছে। সরকারি তথ্যমতে স্পেনে মোট ৭৬ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে এবং আরও ৩০ হাজার মানুষকে বাড়িতে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপদ আশ্রয়ে সরে আসা বাসিন্দারা তাদের ঘরবাড়ির ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

মাদ্রিদের পশ্চিমে অবস্থিত চ্যাপিনেরিয়া থেকে নিজের পোষা প্রাণীকে নিয়ে নিরাপদ আশ্রয়ে সরে আসা রোসিও ডোমিঙ্গুয়েজ বলেন দৃশ্যটা ছিল অনেকটা কেয়ামতের মতো এবং চারপাশ ছাইয়ে ঢাকা পড়ে গিয়েছিল।

এস এম/ ২৭ জুলাই ২০২৬


Back to top button