বিজয়ের শেষ ছবি ‘জন নায়কন’ মুক্তি নিয়ে তুঙ্গে উন্মাদনা, প্রেক্ষাগৃহে থাকছেন তৃষা

চেন্নাই, ২৩ জুলাই – তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও তামিলনাড়ুর রাজনীতিক বিজয়ের সর্বশেষ সিনেমা ‘জন নায়কন’ মুক্তি ঘিরে বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা দিয়েছে। এই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছেন জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণন।
বিজয়ের ক্যারিয়ারের এই বিদায়ী চলচ্চিত্রের প্রথম দিনের প্রথম শো দেখতে তিনি চেন্নাইয়ের একটি প্রেক্ষাগৃহে উপস্থিত থাকছেন বলে জানা গেছে। সকাল ৯টার নির্ধারিত শোতে তার উপস্থিত থাকার কথা রয়েছে। ২০০৪ সালে সুপারহিট ছবি ‘গিলি’র মাধ্যমে প্রথমবার বড় পর্দায় জুটি বেঁধেছিলেন বিজয় ও তৃষা।
পরবর্তীতে ‘তিরুপাচি’, ‘আদি’ ও ‘কুরুভি’র মতো ব্যবসাসফল সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করে। দীর্ঘ ১৫ বছর বিরতির পর ২০২৩ সালে ‘লিও’ সিনেমার মাধ্যমে পুনরায় একসঙ্গে পর্দায় ফেরেন তারা। বিজয়ের সর্বশেষ ‘গোট’ সিনেমাতেও একটি ক্যামিও চরিত্রে তৃষার উপস্থিতি ছিল।
ফলে বিজয়ের এই মাইলফলক চলচ্চিত্রে তৃষার সরাসরি অংশগ্রহণ অনুরাগীদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি করেছে। সিনেমাটি বিশ্বজুড়ে ৩০টির বেশি দেশে প্রায় ৮ হাজার পর্দায় একযোগে মুক্তি পাচ্ছে। তামিলনাড়ুর পাশাপাশি কর্ণাটকসহ ভারতের বিভিন্ন রাজ্যে বিজয়ের ভক্তদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।
অনেক জায়গায় ভোর থেকেই অগ্রিম টিকিটের জন্য ভিড় দেখা গেছে। বিশেষ সূত্রে জানা গেছে, ৩ ঘণ্টা ৩ মিনিট ৫২ সেকেন্ড ব্যাপ্তির এই ছবিতে বিজয়ের নামের আগে ‘থালাপতি বিজয়’ এর পরিবর্তে ‘তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়’ লেখা থাকছে। চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন, বিজয়ের আগের ব্লকবাস্টার ছবিগুলোর আয়ের রেকর্ড ভেঙে দিতে পারে ‘জন নায়কন’।
এস এম/ ২৩ জুলাই ২০২৬









