জাতীয়

ভারত-মিয়ানমার থেকে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে: প্রতিমন্ত্রী টুকু

প্রতিমন্ত্রী টুকু

ঢাকা, ১৮ সেপ্টেম্বর- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, ষড়যন্ত্র করে ভারত ও মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক ঢোকানো হচ্ছে। যুবসমাজকে ধ্বংস করার লক্ষ্যেই পরিকল্পিতভাবে দেশে মাদক প্রবেশ করানো হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের তাজ প্যালেস ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে উপজেলা প্রশাসন আয়োজিত ডেঙ্গু ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘মাদকের লাগাম এখনই টেনে ধরতে না পারলে দেশের যুবসমাজ ধ্বংস হয়ে যাবে। মাদকের বিরুদ্ধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে শিক্ষা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে হবে। পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।

ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন পাত্র, ডাবের খোসা ও অন্যান্য জায়গায় পানি জমে থাকলে সেখানে ডেঙ্গুর মশা জন্মাতে পারে। তাই নিয়মিত এসব জায়গা পরিষ্কার রাখতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা খানম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলার ক্রাইম অপস ও ট্রাফিক দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম এবং ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, স্কাউট শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এস এম/ ১৮ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language