জাহাঙ্গীরনগরে র্যাগিংয়ের দায়ে পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী বহিষ্কার

ঢাকা, ২১ জুলাই – জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও নির্যাতনের দায়ে ৫৪তম ব্যাচের আটজন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ২০ জুলাই দিবাগত রাত ১০টা থেকে ৩টা পর্যন্ত পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী একই বিভাগের ৫৫তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীকে অমানবিক নির্যাতন করেন। শেরেবাংলা এ কে ফজলুল হক হলের পশ্চিম পাশে মনপুরা এলাকায় নবীনদের অকথ্য ভাষায় গালাগালি এবং কান ধরে ওঠবস করানোর মাধ্যমে তারা র্যাগিং ও নির্যাতন চালায়।
এই ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮ এর ৫(ঙ) ধারায় বর্ণিত নিয়মাবলীর স্পষ্ট লঙ্ঘন। ফলশ্রুতিতে উক্ত অধ্যাদেশের ৪ (১) (খ) ধারা অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন মওলানা ভাসানী হলের মো. ফজলে হাসান ফাহাদ, মো. আল আমিন হোসাইন, মো. জাহিদ হাসান ও মো. ফয়সাল আহমেদ। এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের মো. মাহমুদুল হাসান খান আকিব, শহীদ রফিক জব্বার হলের মো. মাহমুদুল আমিন সিয়াম এবং শহীদ সালাম বরকত হলের মো. মোস্তাফিজুর রহমান ও সৈয়দ সাকিব আহমেদ রাতুল বহিষ্কৃত হয়েছেন।
উল্লেখ্য যে, এর আগে গত ৩ জুলাই রাতে বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ মাঠে ইতিহাস বিভাগের ৫৫তম ব্যাচের শিক্ষার্থীদের র্যাগিং করার অভিযোগ ওঠে। সেই ঘটনায় প্রক্টোরিয়াল টিমের হাতে আটক হওয়া ও লিখিত অভিযোগের ভিত্তিতে ৫৪তম ব্যাচের ১২ জন শিক্ষার্থীকেও সাময়িক বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এনএন/ ২১ জুলাই ২০২৬









