নেপালের উচ্চকক্ষে বালেন শাহর সমালোচনা: ‘নেপালি হিটলার’ আখ্যা দিলেন সংসদ সদস্য

কাঠমান্ডু, ১৬ জুলাই – নেপালের কাঠমান্ডু মহানগরের মেয়র বালেন্দ্র (বালেন) শাহের শাসনপদ্ধতি এবং প্রশাসনিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন দেশটির উচ্চকক্ষের একজন সংসদ সদস্য। তাকে ‘নেপালি হিটলার’ হিসেবে আখ্যায়িত করে ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
গত বুধবার নেপালের জাতীয় পরিষদের (উচ্চকক্ষ) এক অধিবেশনে জনতা সমাজবাদী পার্টির (জেএসপি) সংসদ সদস্য মহন্ত ঠাকুর এই মন্তব্য করেন। অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি বালেন শাহের নেতৃত্বাধীন প্রশাসনকে অদক্ষ এবং অকার্যকর হিসেবে অভিহিত করেন।
তিনি বলেন, এই প্রশাসন জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে পুরোপুরি ব্যর্থ হয়েছে। প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে গভীর হতাশা সৃষ্টি হচ্ছে বলেও তিনি দাবি করেন। মহন্ত ঠাকুর আরও অভিযোগ করেন যে, বর্তমান প্রশাসন কর্মকর্তা ও কর্মচারীদের অযৌক্তিকভাবে পদ থেকে সরিয়ে দিয়ে তাদের লক্ষ্যবস্তু বানাচ্ছে।
এর ফলে সারা দেশে এক ধরনের অসন্তোষ ও বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতের ওপর আরোপিত বিভিন্ন কঠোর নীতির সমালোচনা করেন তিনি।
তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং নার্সিং হোমগুলোর ওপর সরকারের অনড় অবস্থান লাখ লাখ শিক্ষার্থী ও শিক্ষকের ভবিষ্যতের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে এবং দেশের অর্থনীতিকে দুর্বল করে দেবে।
সংসদ সদস্য ঠাকুর তার বক্তব্যে আরও উল্লেখ করেন যে, বর্তমান প্রশাসন ট্রেড ইউনিয়ন ও ছাত্র সংগঠনগুলোর প্রতিবাদ দমন করার চেষ্টা করছে। বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে হস্তক্ষেপের অভিযোগও আনেন তিনি। তার মতে, বালেন শাহের একনায়কতান্ত্রিক আচরণের কারণে দেশ এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে।
এস এম/ ১৬ জুলাই ২০২৬









