মধ্যপ্রাচ্য

মার্কিন হামলাকে বর্বরোচিত ও যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিল ইরান

তেহরান, ১৩ জুলাই – হরমুজ প্রণালিতে মার্কিন হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইরান। তেহরানের দাবি, ওয়াশিংটন আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির পাশাপাশি শান্তি প্রতিষ্ঠার সব কূটনৈতিক প্রচেষ্টা ভণ্ডুল করে দিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে মার্কিন হামলাকে বর্বরোচিত আখ্যা দিয়ে জানায়, এই হামলা জাতিসংঘ সনদের মৌলিক নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। বিবৃতিতে অভিযোগ করা হয়, পশ্চিম এশিয়ায় উত্তেজনা নিরসনে গত কয়েক মাসের কূটনৈতিক উদ্যোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশিত এই হামলার কারণে ব্যর্থ হয়েছে।

এছাড়া ওমানের মাস্কাটে দুই দেশের মধ্যে হওয়া আলোচনা নিয়ে ট্রাম্পের মন্তব্যকে চরম মিথ্যা বলে অভিহিত করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মাস্কাট আলোচনার মূল প্রতিপাদ্য ছিল জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু ওয়াশিংটনের হস্তক্ষেপ এই গুরুত্বপূর্ণ জলপথকে অনিরাপদ করে তুলেছে।

ইরান আরও অভিযোগ করেছে যে, মার্কিন হামলায় সাধারণ মানুষের মাছ ধরার নৌকা, বাণিজ্যিক জাহাজ, আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র এবং বেসামরিক ভবন লক্ষ্যবস্তু করা হয়েছে, যা স্পষ্টতই যুদ্ধাপরাধ।

অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, রবিবার থেকে শুরু হওয়া এই হামলার উদ্দেশ্য হলো হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ ক্ষমতা ক্রমান্বয়ে কমিয়ে আনা। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে এই অভিযান পরিচালিত হচ্ছে বলে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে।

এস এম/ ১৩ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language