প্রধানমন্ত্রীর বরিশাল সফর: পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নেতাকর্মীদের ঢল

বরিশাল, ১৩ জুলাই – প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সোমবার সকাল থেকেই টোল প্লাজা, ঢাকা থেকে মাওয়া এক্সপ্রেসওয়ে এবং সংযোগ সড়কগুলোতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
বিভিন্ন জেলা থেকে ব্যানার ও ফেস্টুনসহ নেতাকর্মীরা সমবেত হয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সফর উপলক্ষে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন এবং যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী পদ্মা সেতু পার হয়ে বরিশালে পৌঁছে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। পরবর্তীতে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং উন্নয়ন ও সাংগঠনিক বিষয়ে দিকনির্দেশনা দেবেন। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম বরিশাল সফর।
মাওয়া প্রান্তে এই সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এবং জেলা পরিষদের প্রশাসক এ কে এম এরাদদ মানুসহ স্থানীয় নেতৃবৃন্দ। সফর শেষে তিনি সড়কপথেই ঢাকা ফিরবেন বলে জানা গেছে।
এস এম/ ১৩ জুলাই ২০২৬









